নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি ওয়েব সিরিজকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসির সাত বছর পুরনো একটি ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। ছবিতে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী এবং লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছে অভিনেতাকে। শুধু ছবি তোলাই নয়, অতীতে সমাজমাধ্যমে সইদের প্রশংসা করে তাঁকে ‘ভুল বোঝা মানুষ’ বলেও উল্লেখ করেছিলেন হামজা। সেই পুরনো ছবি ও মন্তব্য নতুন করে ভাইরাল হতেই ভারত ও পাকিস্তান, দুই দেশেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।
বিশেষ করে নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি সিরিজে হামজার অভিনয় ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিনেতাকে কীভাবে এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সিরিজে সুযোগ দেওয়া হল, তা নিয়েও সরব হয়েছেন অনেকে। একই সঙ্গে ভারতে সিরিজটি নিষিদ্ধ করার দাবিও জোরালো হয়েছে।
কীভাবে শুরু হল বিতর্ক?
পাকিস্তানি অভিনেতা হামজা আলি আব্বাসি নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’-তে অভিনয় করেছেন। আগামী ৪ ডিসেম্বর বিশ্বজুড়ে সিরিজটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু মুক্তির ঠিক আগে ২০১৭ সালের একটি পুরনো ছবি সামনে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে হাফিজ সইদের পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে হামজাকে। জানা গিয়েছে, পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে সইদের সাক্ষাৎকার নেওয়ার সময় ছবিটি তোলা হয়েছিল।
তবে বিতর্কের মূল কারণ শুধু ছবিটি নয়। সেই সময় ছবির সঙ্গে সমাজমাধ্যমে একটি পোস্টও করেছিলেন অভিনেতা। সেখানে হাফিজ সইদকে নিজের দেখা অত্যন্ত ভদ্র ও ভালো মানুষদের মধ্যে অন্যতম বলে বর্ণনা করেছিলেন তিনি। পাশাপাশি সইদ ধর্মীয় সহনশীলতা ও মানবতার প্রচার করেন বলেও দাবি করেছিলেন হামজা। এমনকী তাঁকে পাকিস্তানের সবচেয়ে ভুল বোঝা মানুষ বলেও উল্লেখ করেছিলেন।
অন্য একটি পোস্টে অভিনেতার মন্তব্য ছিল, আমেরিকা ও ভারত হাফিজ সইদকে জঙ্গি হিসেবে বিবেচনা করলেও তাঁর চোখে সইদ একজন নীতিবান ব্যক্তি। স্বাভাবিকভাবেই অতীতের এই মন্তব্য নতুন করে সামনে আসতেই অভিনেতার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাকিস্তানেও সমালোচনার মুখে হামজা
এই বিতর্ক শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই। পাকিস্তানের একাংশের মধ্যেও হামজার পুরনো মন্তব্য নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। পাকিস্তানি আইনজীবী ও লেখক মুনিব কাদির বিষয়টি নিয়ে সরব হয়েছেন।
সমাজমাধ্যমে তিনি দাবি করেছেন, রাষ্ট্রসংঘের তালিকাভুক্ত একজন জঙ্গির সঙ্গে ছবি তোলা এবং তাঁর প্রশংসা করার বিষয়ে অভিনেতার প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়া উচিত। প্রয়োজনে এই মন্তব্যের জন্য ক্ষমাও চাওয়া দরকার বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, হাফিজ সইদ লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন। ওই হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে হাফিজ সইদের নাম উঠে আসে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদও তাঁকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করেছে। বর্তমানে জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানোর মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন তিনি।
নেটফ্লিক্সের সিরিজ ভারতে নিষিদ্ধ করার দাবি
হামজা আলি আব্বাসিকে ঘিরে বিতর্কের আঁচ এবার পৌঁছেছে নেটফ্লিক্সের দফতর পর্যন্ত। অভিনেতার অংশগ্রহণের কারণে আসন্ন সিরিজটি ভারতে সম্প্রচার না করার দাবি তুলেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।
সংগঠনটির বক্তব্য, হাফিজ সইদের মতো আন্তর্জাতিকভাবে তালিকাভুক্ত জঙ্গির প্রশংসা করেছেন যে অভিনেতা, তাঁকে নেটফ্লিক্সের মতো একটি আন্তর্জাতিক বিনোদন সংস্থা কীভাবে কাজের সুযোগ দিতে পারে? তাদের দাবি, অবিলম্বে সিরিজটির ভারতে সম্প্রচার বন্ধ করতে হবে। দাবি পূরণ না হলে নেটফ্লিক্সের দফতর ঘেরাও এবং দেশজুড়ে সংস্থাটির বিরুদ্ধে বয়কট কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
একই সুর শোনা গিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফেও। তারাও ভারতে সিরিজটির সম্প্রচার বন্ধ করার দাবি জানিয়েছে।
কেন্দ্রের তরফেও নেটফ্লিক্সকে সতর্কবার্তা
এদিকে পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান ভারতে সম্প্রচারের বিষয়টি নিয়ে নেটফ্লিক্সকে সতর্ক করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ২০২৫ সালের ৮ মে জারি হওয়া নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দিয়ে পাকিস্তানে তৈরি ছবি, ওয়েব সিরিজ এবং অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান ভারতে সম্প্রচার না করার অবস্থান বজায় রাখতে বলা হয়েছে।
এর আগে নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছিল, ভারতের গ্রাহকদের জন্য পাকিস্তানে তৈরি কোনও ছবি বা ওয়েব সিরিজ উপলব্ধ করা হয়নি। কেন্দ্রীয় মন্ত্রক সেই অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছে। ফলে ৪ ডিসেম্বর সিরিজটি আন্তর্জাতিক স্তরে মুক্তি পেলেও ভারতের দর্শকরা সেটি দেখতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতীয় সংগঠনগুলির দাবির বিরোধিতা পাকিস্তানের মন্ত্রীর
অন্যদিকে, গোটা বিতর্কে ভারতীয় সংগঠনগুলির অবস্থানের সমালোচনা করেছেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। তাঁর প্রশ্ন, শিল্প-সংস্কৃতি এবং খেলাধুলার মতো ক্ষেত্রগুলিকে কেন রাজনৈতিক বিরোধের মধ্যে টেনে আনা হচ্ছে? তাঁর এই মন্তব্য ঘিরেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ‘জো বাচে হ্যায় সঙ্গ সমেট লো’ সিরিজে হামজা আলি আব্বাসি ছাড়াও অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সঈদ, হানিয়া আমির এবং আহাদ রাজা মির। ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি এই রোম্যান্টিক ড্রামা নিয়ে দর্শকদের মধ্যে আগে থেকেই আগ্রহ ছিল।
তবে মুক্তির আগে হামজার পুরনো ছবি এবং হাফিজ সইদকে নিয়ে তাঁর অতীতের মন্তব্য গোটা সিরিজকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। এখন দেখার, ৪ ডিসেম্বর নির্ধারিত দিনেই আন্তর্জাতিক স্তরে সিরিজটির মুক্তি হয় কি না এবং ভারতে নেটফ্লিক্সের দর্শকদের জন্য এটি উপলব্ধ করা হয় কি না। আপাতত বিনোদনের গণ্ডি ছাড়িয়ে এই বিতর্ক রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে।