১০০০ ফুট গভীর খাদে পড়ল এসইউভি! মৃত্যু অভিনেতা মহেশ-সহ ৮ জনের

Spread the love

বয়সটা মাত্র পঁচিশ। কেরিয়ারের গ্রাফটা সবেমাত্র ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। কিন্তু মরাঠি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘আপ্পি আমচি কালেক্টর’-এর সেই চেনা হাসিমুখটা যে এভাবে চিরতরে স্তব্ধ হয়ে যাবে, তা কে জানত! মুম্বই থেকে মাত্র ১৮০ কিলোমিটার দূরে, পোলাদপুর-মহাবালেশ্বর রোডের অম্বেনালী ঘাটের এক গভীর গিরিখাদে গাড়ি ছিটকে পড়ে অকালে প্রাণ হারালেন জনপ্রিয় মরাঠি অভিনেতা মহেশ পওয়ার। দুর্ঘটনায় মহেশ-সহ মোট আটজন তরতাজা প্রাণের সলিলসমাধি ঘটেছে।

আনন্দের সফর নিমেষেই ট্র্যাজেডি

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত দুটো নাগাদ দাপোলির হর্নে থেকে একটি এসইউভি (SUV) গাড়িতে চেপে সাতারার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মহেশ ও তাঁর সাত বন্ধু। বয়স ১৯ থেকে ৩৫-এর মধ্যে। কিন্তু রাত পেরিয়ে দুপুর গড়ালেও যখন তাঁরা গন্তব্যে পৌঁছননি, তখন উদ্বেগ বাড়ে পরিবারের। শুরু হয় খোঁজখাঁজি। অবশেষে পুলিশের হস্তক্ষেপে পোলাদপুরের একটি মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা পৌঁছন অম্বেনালী ঘাট এলাকায়।

সোমবার সকালে ঘাটের সেই বিপজ্জনক বাঁকে উঁকি দিতেই শিউরে ওঠেন উদ্ধারকারীরা। প্রায় ১,০০০ ফুট (মুখ্যমন্ত্রীর বয়ান অনুযায়ী প্রায় ১,৫০০ ফুট) গভীরে দলা পাকানো লোহার খাঁচার মতো পড়ে রয়েছে সেই এসইউভি গাড়িটি। প্রাথমিক অনুমান, পাহাড়ি ঘাটের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়েই এই ভয়াবহ বিপর্যয়।

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মহেশ পওয়ার (২৫)-এর পাশাপাশি এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রিতেশ লোখান্ডে (২২), সুহাস লোখান্ডে (২০), উৎকর্ষ শিংটে (২১), নিখিল শিংটে (২৫), আদিত্য সালুঙ্খে (২১), রাজেশ কাটকর (৩৫) এবং ১৯ বছরের তরুণ অংশ চহ্বাণ।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি জানান, প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে উদ্ধারকাজ চালাচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) এবং স্থানীয় স্বেচ্ছাসেবী দলগুলির সহযোগিতায় পাঁচটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দুর্গম খাদ হওয়ায় দেহগুলি উদ্ধার করতে কালঘাম ছুটছে উদ্ধারকারীদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

মহেশের অকালপ্রয়াণের খবরটি প্রথম নিশ্চিত করে আঞ্চলিক সংবাদমাধ্যম ‘লোকমত’। এই খবর ছড়িয়ে পড়তেই মরাঠি বিনোদন দুনিয়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ২৫ বছরের এক প্রতিভাবান অভিনেতার এমন নির্মম পরিণতি যেন বিনোদন জগতের সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *