১৯৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য বাংলাদেশের স্পিকারের

Spread the love

১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম অত্যাচার, গণহত্যা ও দমন-পীড়নের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর স্বাধীনতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে এসেছিল কাঙ্ক্ষিত বিজয়। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে সামনেই পালিত হতে চলেছে বাংলাদেশের আরও একটি বিজয় দিবস। তবে তার আগে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে তাঁর করা মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। আর এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছর মেয়াদি বাণিজ্যিক সমঝোতা স্মারক স্বাক্ষর করল তারেক রহমানের বাংলাদেশ।

সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমদ দাবি করেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের মানুষকে সাহায্য করেনি। বরং পাকিস্তানকে দুর্বল করে দেওয়াই ছিল ভারতের উদ্দেশ্য। তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই স্বীকৃত।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর দমন-পীড়ন ও গণহত্যার জেরে প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। সেই সময় বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর যৌথ অভিযানে পাকিস্তানি বাহিনী পরাস্ত হয়। অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি সেনার আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

তবে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্কের আবহেই এবার পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার পথে হাঁটল বাংলাদেশ। দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে বাণিজ্য সহযোগিতা বাড়াতে স্বাক্ষরিত হয়েছে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক বা এমওইউ।

জানা গিয়েছে, বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে ঢাকায় নিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার চুক্তিতে সই করেন।

এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হল, দুই দেশের মধ্যে সরকার থেকে সরকার বা জি-টু-জি পদ্ধতিতে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করা। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের চাহিদা এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডাল-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি ও রপ্তানি করতে পারবে। পাশাপাশি কৃষিপণ্য এবং কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণও এই বাণিজ্যের আওতায় আসবে।

সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি। ভোজ্যতেলের ক্ষেত্রে ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান এবং পাম অলিনের মতো একাধিক পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল ও খেজুরের মতো কৃষিপণ্য কেনাবেচার সুযোগ থাকছে। তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সার এবং কৃষি উপকরণও।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির আওতায় কোনও একটি দেশ নির্দিষ্ট পণ্য সংগ্রহ করতে চাইলে অপর দেশকে লিখিত প্রস্তাব দিতে হবে। সেই প্রস্তাবে সংশ্লিষ্ট পণ্যের গুণগত মান, পরিমাণ, প্রয়োজনীয় স্পেসিফিকেশন এবং সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করতে হবে। এরপর দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সংশ্লিষ্ট লেনদেনের মূল্য, পণ্যের পরিমাণ, গুণগত মান এবং সরবরাহের সময়সূচি চূড়ান্ত করা হবে।

অর্থাৎ, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সরকারি বাণিজ্যের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হল। আগামী পাঁচ বছর এই সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক সংস্থাগুলি পারস্পরিক চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য কেনাবেচা করতে পারবে।

একদিকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদান নিয়ে বাংলাদেশের স্পিকারের মন্তব্য ঘিরে বিতর্ক, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের বাণিজ্যিক সমঝোতা। সব মিলিয়ে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক ও বাণিজ্যিক অবস্থান নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply