২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে হবে আমিরের ভাগ্নে ইমরান খানকে

Spread the love

মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে চরম বিপাকে পড়লেন বলিউড অভিনেতা ইমরান খান। বিক্ষোভস্থল থেকে পুলিশের হাতে আটক হওয়ার পর এবার তাঁকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার কড়া নির্দেশ দিল মুম্বই পুলিশ!

আমির খানের ভাইঝি জায়ন মারি ও তাঁর সঙ্গীদের পাশাপাশি এই বিক্ষোভে সামিল হয়ে আটক হয়েছিলেন আমির খানের ভাগ্নে তথা ‘জানে তু… ইয়া জানে না’ খ্যাত অভিনেতা ইমরান খান।

ইমিগ্রেশন আইনে কেন এই ব্যবস্থা?

মুম্বই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন (US) পাসপোর্টধারী বিদেশি নাগরিক হওয়ায় এবং ওসিআই (OCI – Overseas Citizen of India) কার্ড থাকা সত্ত্বেও রাজনৈতিক বা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় তাঁর বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ২৯ ও ৭ নম্বর ধারায় এই আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে বিজেপির প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়া মুম্বই পুলিশের যৌথ কমিশনার মনোজ কুমার শর্মাকে চিঠি দিয়ে প্রশ্ন তোলেন যে, একজন বিদেশি নাগরিক হিসেবে ইমরান খানের এই দেশে এমন রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়ার আইনি অধিকার আছে কি না। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে অবিলম্বে অভিনেতাকে দেশ থেকে বার করে দেওয়ার দাবিও জানান।

‘আমি শুধুই একজন নাগরিক হিসেবে এসেছিলাম’: বিতর্ক নিয়ে ইমরান

অন্যদিকে বিক্ষোভে আটক হওয়ার সময় বা ভ্যানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইমরান খান স্পষ্ট করে বলেছিলেন—’আমার বিশেষ কোনো রাজনৈতিক দাবি নেই। আমি কোনো সংস্থ বা দলের প্রতিনিধি হয়ে আসিনি। মুম্বই শহরের একজন সাধারণ নাগরিক হিসেবে দেখতে এসেছিলাম কেন মানুষের চলাফেরার স্বাধীনতাকে সীমাবদ্ধ করা হচ্ছে এবং কেন তাঁদের কণ্ঠরোধ করা হচ্ছে!’

পুলিশের ভ্যান থেকে হাস্যরসাত্মক মেজাজে ‘একটু ড্রাইভে যাচ্ছি’ লিখে ছবি পোস্ট করা অভিনেতা এখন পুলিশের এই দেশ ছাড়ার নির্দেশের পর কোনও আইনি পদক্ষেপ নেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে বি-টাউন ও নেটপাড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *