4 Dead in Gurugram Encounter: হরিয়ানার গুরুগ্রামে বৃহস্পতিবার রাতে রীতিমতো সিনেমার দৃশ্যের মতো পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে কেঁপে উঠল শহর। প্রায় ৬০ রাউন্ড গুলি চলার পর পুলিশের অভিযানে নিহত হয় চার দুষ্কৃতী। আহত হয় আরও এক অভিযুক্ত। অন্যদিকে, গুলিবিদ্ধ হন গুরুগ্রাম পুলিশের তিন কর্মীও। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সুশান্ত লোক ফেজ-২ এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সন্দেহজনক স্করপিও গাড়িতে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী ঘোরাফেরা করছে বলে ক্রাইম ব্রাঞ্চের কাছে গোপন সূত্রে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন জায়গায় ব্যারিকেড তৈরি করে।
গুরুগ্রাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার (ডিসিপি) জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ওই দুষ্কৃতীরা এক ব্যবসায়ীর বাড়ির সামনে গুলি চালায়। তদন্তে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে বিদেশে বসে থাকা এক কুখ্যাত গ্যাংস্টারের কাছ থেকে মোটা অঙ্কের তোলাবাজির হুমকি পাচ্ছিলেন। পুলিশ মনে করছে, সেই কারণেই তাঁকে টার্গেট করতে এসেছিল দুষ্কৃতীরা।
পুলিশ চারদিক থেকে গাড়িটিকে ঘিরে ফেলে এবং অভিযুক্তদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু আত্মসমর্পণের বদলে দুষ্কৃতীরা পুলিশের উপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাণ বাঁচাতে এবং অভিযুক্তদের আটক করতে পাল্টা গুলি চালায় পুলিশ। এরপরই শুরু হয় দু’পক্ষের তীব্র গুলির লড়াই। প্রায় ৬০ রাউন্ড গুলি বিনিময়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয় বিদেশে বসে পরিচালিত দীপক নন্দল গ্যাংয়ের পাঁচ শার্প শুটার। তাঁদের দ্রুত একটি বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন। পঞ্চম অভিযুক্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই সংঘর্ষে গুরুগ্রাম পুলিশের তিন কর্মীও গুলিবিদ্ধ হন। তাঁদেরও দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত পুলিশকর্মীদের অবস্থা স্থিতিশীল।

এনকাউন্টারের পর ঘটনাস্থলে পৌঁছয় সিন অব ক্রাইম ইউনিট, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি এবং তদন্তকারী দলের সদস্যরা। পুরো এলাকা ঘিরে বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত চালানো হয়। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহ করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে বিদেশে তৈরি পাঁচটি অত্যাধুনিক পিস্তল উদ্ধার হয়েছে। নিহত ও আহত দুষ্কৃতীদের পরিচয়, তাঁদের বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলার বিবরণ এবং গ্যাংয়ের সঙ্গে তাঁদের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।