SC on INDIA Bloc’ss Petition: এসআইআরে অনিয়ম এবং ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন রাহুল গান্ধীরা। আর তাতে ১৪টি ‘গলদ’ পাওয়া গিয়েছে বলে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোর্ট ফি বাবদ যে টাকা দিতে হয়, তার থেকে ২২০ টাকা কম দেওয়া হয়েছে। তাছাড়াও অন্যান্য ‘গলদের’ মধ্যে আছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের অস্পষ্ট ফটোকপির মতো বিষয়।
১০টি অনুরোধ করা হয়েছে SIR সংক্রান্ত পিটিশনে
এমনিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) ক্ষেত্রে ব্যাপক অনিয়ম এবং ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে বিরোধীদের ইন্ডিয়া জোটের তরফে যে পিটিশন দাখিল করা হয়েছে, তাতে মোট ১০টি অনুরোধ করা হয়েছে।
কোন কোন অনুরোধ করা হয়েছে?
১) যে যে বিষয় উত্থাপন করা হয়েছে, সেগুলির সমাধান না হওয়া পর্যন্ত এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখা হোক।
২) নির্বাচন কমিশন যাতে এসআইআর যাবতীয় তথ্য প্রকাশ্যে আনে, সেই আর্জি জানানো হয়েছে।
৩) বিতর্কিত এসআইআরের ক্ষেত্রে যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সংবিধানের ৩২৪ ধারা-সহ অন্যান্য প্রাসঙ্গিক আইন মেনে হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে হবে।
৪) ভোটার তালিকা তৈরি এবং সংশোধনের ক্ষেত্রে যাঁরা নিয়ম মেনে চলেননি, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।
৫) এসআইআর সংক্রান্ত বিষয়ে কমিশন যা যা সিদ্ধান্ত নিয়েছে, তা যাতে নিয়ম মেনে করা হয়, সেজন্য সুপ্রিম কোর্ট যেন নির্দেশ দেয়।

৬) এসআইআরের ভোটারদের নাম বাদ পড়া এবং সংশোধন সংক্রান্ত বিষয় অডিটের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করতে হবে। সেই কমিটির মাথায় থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিটিতে থাকবেন সমাজের বিশিষ্ট ব্যক্তি, বিশেষজ্ঞরা।
৭) কোন বুথে কোন কোন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে, কেন নাম বাদ দেওয়া হয়েছে, তা বিস্তারিতভাবে যাতে কমিশন প্রকাশ করে সেই মর্মে নির্দেশ প্রদানের আর্জি জানানো হয়েছে। কীভাবে নাম ফেরানো যাবে, তাও উল্লেখ করে দেওয়ার জন্য আর্জি জানানো হয়েছে বিরোধী জোটের তরফে।
৮) আগেভাগে নোটিশ ছাড়া যেন কারও নাম বাদ না দেওয়া হয়।
৯) নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা এবং ভোটদানের ক্ষেত্রে প্রত্যেক যোগ্য নাগরিকের অধিকার রক্ষার স্বার্থে বর্তমান মামলার ঘটনা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় শীর্ষ আদালত যা উপযুক্ত ও যথার্থ মনে করে, তা যেন করে।
১০) নিয়ম মেনে যাতে ফর্ম ৬-র কাজ করা হয়, সেই বিষয়ে যেন নির্দেশ দেওয়া হয়।