বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিচালনার ঘটনায় সামনে এল নতুন ভিডিও। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়ির চালকের পাশের আসনে বসে রয়েছেন অভিনেতা। আচমকাই সামনে থেকে দুই যুবক গুলি চালাতে শুরু করে। এক হামলাকারী টাইগারের আসনের পাশ থেকে গুলি চালাচ্ছে, অন্যজন সামনে থেকে গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ছে। পরপর গুলি চালানোর পর দু’জনেই বাইকে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিডিও দেখে মনে হচ্ছে, হামলাকারীদের মধ্যে একজন আগে থেকেই বাইক নিয়ে সেখানে অপেক্ষা করছিল।
গাড়ি বাড়ির গেট পেরোতেই গুলিবৃষ্টি
নতুন ভিডিয়োয় গোটা ঘটনার বেশ কিছু দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। দেখা যাচ্ছে, নিজের গাড়িতে চেপে বাড়ি থেকে বেরোচ্ছেন টাইগার শ্রফ। বাড়ির গেটের বাইরে তখন ভিড় জমিয়েছেন অভিনেতার অনুরাগীরা। গাড়ির ভিতর থেকে তাঁদের অভিবাদন জানাতেও দেখা যায় টাইগারকে। এরপর গাড়িটি এগিয়ে যেতেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভিডিয়োয় এক যুবককে সামনে থেকে টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা গিয়েছে।
বাইকে চেপে চম্পট দুই হামলাকারীর
ভিডিয়োয় টুপি পরা অন্য এক হামলাকারীকে টাইগারের আসনের ঠিক পাশ থেকে গুলি চালাতে দেখা যায়। অন্যদিকে, মূল রাস্তার উপরে হেলমেট পরা এক ব্যক্তিকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। গুলি চালানোর পর টুপিপরা হামলাকারীর পিস্তলে কোনও সমস্যা হচ্ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এরপর দু’জনকে মূল রাস্তার দিকে ছুটে গিয়ে দাঁড়িয়ে থাকা বাইকে চড়তে দেখা যায়। সেখান থেকে দ্রুত পালিয়ে যায় তারা।
আহত টাইগারের গাড়ির চালক
রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় এই গুলিচালনার ঘটনা ঘটে। তবে স্বস্তির খবর, এই ঘটনায় অক্ষত রয়েছেন টাইগার শ্রফ। পুলিশ জানিয়েছে, গুলিচালনায় অভিনেতার গাড়ির চালক এবং এক অটোচালক আহত হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি পোস্টে এই হামলার দায় লরেন্স বিষ্ণোই গ্যাং স্বীকার করেছে বলে দাবি করা হয়েছে। যদিও পোস্টটির সত্যতা এখনও নিশ্চিত করেনি পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পশ্চিম মুম্বইয়ের জুহু থানার অন্তর্গত পুষ্পা পার্কের কাছে ঘটনাটি ঘটে। কেন এই হামলা চালানো হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

হামলাকারীদের খোঁজে তল্লাশি
প্রাথমিক তথ্য অনুযায়ী, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনেতা ও তাঁর এক বন্ধুকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। হামলাকারীদের সূত্র পেতে এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। টাইগারের বাবা তথা অভিনেতা জ্যাকি শ্রফও জানিয়েছেন, তাঁর ছেলে নিরাপদে রয়েছেন।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২ মার্চ জয় হেমন্ত শ্রফ নামে জন্মগ্রহণ করেন টাইগার। বলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন অভিনেতা হিসেবে পরিচিত তিনি। মার্শাল আর্টেও দক্ষ টাইগার ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। এরপর ‘বাঘি’, ‘বাঘি ২’ এবং ‘ওয়ার’-এর মতো ছবিতে অভিনয় করে নিজের পরিচিতি আরও মজবুত করেন।