Chinese Phone Brand Losing Indian Market। ভারতীয় বাজারে ধাক্কা চিনা স্মার্টফোনের! হু হু করে কমল দাপট

Spread the love

Chinese Phone Brand Losing Indian Market: ভারতের বাজারে ক্রমশ জমি হারাচ্ছে চিনা স্মার্টফোন সংস্থাগুলি। একটা সময় যেখানে চিনা কোম্পানির স্মার্টফোনের রমরমা ছিল, এখন সেটা ক্রমশই কমে যাচ্ছে। সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, মেমোরি চিপের দাম বৃদ্ধি পাওয়ার জন্য বাজেট স্মার্টফোনের দাম বাড়ছে। সেই পরিস্থিতিতে চিনা স্মার্টফোন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মানুষ। তার ফলে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ভারতীয় বাজারে চিনা স্মার্টফোনের শেয়ার ৬৮ শতাংশের কাছাকাছি নেমে গিয়েছে। যা এক বছর আগেও ছিল ৭৫ শতাংশের মতো।

পুরনো দামে আগের মতো স্পেসিফিকেশনের ফোন আসছে না বেশি

একটা সময় বাজেট স্মার্টফোনের সুবাদে ভারতের বাজারে জাঁকিয়ে বসেছিল চিনা মোবাইল সংস্থাগুলি। কিন্তু রিপোর্ট অনুযায়ী, মেমোরি চিপের দাম বৃদ্ধি পাওয়ায় ওই সংস্থাগুলির উপরে চাপ বেড়ে গিয়েছে। সেই পুরনো দামে আগের মতো স্পেসিফিকেশন বা ফিচার্সের ফোন লঞ্চ করতে পারছে না। তার জেরে স্বভাবতই ভারতীয়রা মুখ ফিরিয়ে নিচ্ছেন চিনা স্মার্টফোন থেকে।

 

চিপের দাম বৃদ্ধি পাওয়ায় ধাক্কা চিনা সংস্থাগুলি

ওই প্রতিবেদন অনুযায়ী, গবেষণা এবং উপদেষ্টা সংস্থা ওমদিয়ার প্রিন্সিপাল অ্যানালিস্ট সান্যাম চৌরাশিয়া জানিয়েছেন যে লাগাতার দাম বৃদ্ধির ফলে চিনের মূল উপকরণ নির্মাতা সংস্থাগুলি জোরদার ধাক্কা খেয়েছে এন্ট্রি-লেভেল সেগমেন্টে। যা সাধারণত ওই চিনা কোম্পানিগুলির চাহিদা বাড়িয়ে তুলত বলে জানিয়েছেন ওই গবেষণা এবং উপদেষ্টা সংস্থার প্রিন্সিপাল অ্যানালিস্ট।

আবার দ্য ইকোনমিকস টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন যে খরচ নিয়ন্ত্রণে আনার জন্য গত চার-পাঁচ ত্রৈমাসিক ধরে চিনা সংস্থাগুলি স্মার্টফোনের স্পেসিফিকেশন পরিবর্তন করছে। সস্তা বা বাজেটের স্মার্টফোনের নয়া মডেলের সংখ্যা কমিয়ে ফেলছে। বরং ধীরে-ধীরে মিড-রেঞ্জ এবং প্রিমিয়াম স্মার্টফোনের দিকে বাড়তি নজর দিচ্ছে। যে সেগমেন্টে লাভের বেশি সুযোগ আছে বলে মনে করছে চিনা সংস্থাগুলি।

ভারতীয় ব্র্যান্ডের স্মার্টফোনের দাপট বাড়ছে

আর চিনা কোম্পানিগুলি যখন ধাক্কা খাচ্ছে, সেইসময় ভারতীয় সংস্থাগুলির দাপট বেড়েছে। মানিকন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, রিসার্চ সংস্থা কাউন্টার পয়েন্টের তরফে জানানো হয়েছে যে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশীয় স্মার্টফোন ব্র্যান্ডের বাজার দখল বৃদ্ধি পেয়ে সাত শতাংশে পৌঁছে গিয়েছে। যা গত বছর ছিল দু’শতাংশের মতো। কম দামি বা বাজেট সেগমেন্টে ভারতীয় ব্র্যান্ডের স্মার্টফোনের দাপট বৃদ্ধি পাচ্ছে বলে ওই রিসার্চ সংস্থার তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *