Bengal ₹80000 cr Investment Proposal। বাংলায় প্রথমবার লগ্নির পথে ২,৮৫,০০০ কোটি টাকার সংস্থার

Spread the love

Bengal ₹80000 cr Investment Proposal: পশ্চিমবঙ্গে ৮০,০০০ কোটি টাকার মতো বিনিয়োগের পরিকল্পনা করছে বেদান্ত গ্রুপ। সূত্রের খবর, আগামী তিন-চার বছরে পশ্চিমবঙ্গে বিদ্যুৎ ও অ্যালুমিনিয়াম ক্ষেত্রে ৭০,০০০ কোটি টাকা থেকে ৮০,০০০ কোটি টাকার মতো লগ্নি করতে চাইছে অনিল আগরওয়ালের নেতৃত্বাধীন সংস্থা। তার ফলে রাজ্যে ৩০,০০০ থেকে ৪০,০০০ কর্মসংস্থানও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলায় প্রথমবার লগ্নির পথে ২,৮৫,০০০ লাখ কোটি টাকার সংস্থা

সেইসব প্রস্তাব নিয়ে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান। সেখানেই বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবার বিনিয়োগ করতে চলেছে ৩০ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২.৮৫ লাখ কোটি টাকা) মূল্যের বেদান্ত গ্রুপ।

বিধানবাগে ২৭০ একরের মতো জমি আছে বেদান্ত গ্রুপের হাতে

সেই রেশ ধরে আলোচনায় উঠে এসেছে আসানসোলের কাছে অবস্থিত বিধানবাগের কথাও। সূত্রের খবর, ইতিমধ্যে বিধানবাগে বেদান্তের অধীনস্থ ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেডের (ব্যালকো) ২৭০ একরের মতো জমি আছে। সেখানে অ্যালুমিনিয়াম প্রকল্প গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বেদান্ত গ্রুপ। অথবা অন্য কোথাও জমি পেলে সেখানেও প্রকল্প গড়ে তুলতে মুখিয়ে আছে ওই সংস্থা।

‘বিধানবাগে এশিয়ার প্রাচীনতম অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ছিল’

বেদান্তের চেয়ারম্যান জানিয়েছেন, একটা সময় বিধানবাগের জমিতে এশিয়ার প্রাচীনতম অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ছিল। কিন্তু পরবর্তীতে সেটি বন্ধ হয়ে যায়। এখন রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে জমি, কয়লা, জল বা অন্যান্য উপকরণের ক্ষেত্রে কোনওরকম সমস্যা হবে না। রাজ্যের তরফে যেরকম উৎসাহ দেখানো হয়েছে, তাতে তাঁরা অত্যন্ত উৎফুল্ল। প্রাথমিকভাবে একটি সমীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন বেদান্তের চেয়ারম্যান।

প্রত্যক্ষ চাকরির সঙ্গে পরোক্ষ কর্মসংস্থানও তৈরি হবে

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, এরকম মেগা প্রকল্পের ফলে প্রচুর কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। প্রত্যক্ষ কর্মসংস্থানের পাশাপাশি পরোক্ষভাবেও অনেকে চাকরি পাবেন। কারণ অ্যালুমিনিয়াম প্ল্যান্ট তৈরি হলে সেটিকে ঘিরে আরও অনেক শিল্প বা প্রকল্প গড়ে উঠবে। ফলে ৩০,০০০ থেকে ৪০,০০০ কর্মসংস্থান তৈরি হবে বলে আশাবাদী বেদান্ত গ্রুপের আধিকারিকরা।

তারইমধ্যে কলকাতার একটি অনুষ্ঠানে বেদান্ত গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন, আগামী দু’বছরে ২০ বিলিয়ন মার্কিন ডলারের মুনাফার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সবমিলিয়ে ৩০ বিলিয়ন ডলারের সংস্থাকে ৫০ বিলিয়ন ডলারে পরিণত করার লক্ষ্যে এগিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *