Amazon Layoffs Latest Update: সকালে উঠেই ছাঁটাইয়ের মেসেজ দেখতে পেলেন অ্যামাজনের কয়েকশো কর্মী। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ডিভাইস এবং পরিষেবা বিভাগের প্রায় ২৫০ জনকে ছাঁটাই করেছে অ্যামাজন। বিষয়টির সঙ্গে অবহিত এক প্রতিনিধি জানিয়েছেন যে এই দফায় ছাঁটাইয়ের প্রভাব সীমাবদ্ধ থাকছে ২৫০ জনের উপরে। মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্ষেত্রে কর্মী ছাঁটাই করা হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
‘কাঠামোর পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা’ করেছে অ্যামাজন
ওই প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের রীতি মেনে বুধবার ভোরে কর্মীদের কাছে টেক্সট মেসেজ ও ইমেইল পাঠানো হয়। তেমনই একটি ছাঁটাইয়ের বার্তায় ডিভাইস ও পরিষেবা ক্ষেত্রের হিউম্যান রিসোর্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট চেরি রবিনসনের নাম আছে। তাতে বলা হয়েছে যে ‘সংস্থার কাঠামোর একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা’ করেছে অ্যামাজন। তাতে যে তথ্য উঠে এসেছে, তার জেরে বহুজাতিক সংস্থা ছাঁটাই করতে বাধ্য হয়েছে বলে জানানো হয়েছে।
‘কঠিন সিদ্ধান্ত নিয়েছি’, বললেন অ্যামাজনের মুখপাত্র
আর নতুন করে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি অ্যামাজনের তরফে স্বীকার করে নেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, বিস্তারিত ব্যাখ্যা না করেই এক মুখপাত্র বলেছেন যে ‘আমরা অল্প কয়েকটি পদ বিলুপ্ত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’ সেইসঙ্গে তিনি জানিয়েছেন, এই দফায় কর্মী ছাঁটাইয়ের ফলে সংস্থা ‘আরও কার্যকরভাবে কাজ করতে পারবে এবং আমাদের রোডম্যাপের সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্য বজায় রাখতে পারবে’।
অক্টোবরেই গোড়াতেই প্রায় ১,০০০ জনকে ছাঁটাই করেছিল
তবে এই প্রথমবার ছাঁটাই করল না অ্যামাজন। চলতি মাসের গোড়ার দিকেই ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১,০০০ জনকে ছাঁটাই করে দিয়েছিল। সেইসময় অ্যামাজনের এক মুখপাত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছিলেন যে ‘অল্প সংখ্যক’ পদে ছাঁটাই করা হয়েছে। তাঁদের বেশিরভাগই স্টোরস ব্যবসার অন্তর্গত।

তিনি বলেছিলেন, ‘গ্রাহকদের জন্য বিভিন্ন উদ্ভাবন করার ক্ষেত্রে আমরা যাতে দ্রুত এগিয়ে যেতে পারি, তা নিশ্চিত করতে আমরা সবসময়ই আমাদের টিমের কাঠামো পর্যালোচনা করে দেখেছি। আমরা আমাদের স্টোর ব্যবসার কয়েকটি ক্ষেত্রে পরিবর্তন এনেছি। কারণ আমাদের বিশ্বাস, যে বিষয়ে অগ্রাধিকার আছে, সেগুলি আরও ভালোভাবে পূরণ করতে সহায়তা করবে এই নয়া কাঠামো। এই পরিবর্তনের অংশ হিসেবে আমরা কয়েকটি পদ বিলুপ্ত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। তবে যেসব কর্মী সেই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এই পরিবর্তনকালীন সময়ে তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’