Trishanjit-Mohit: সাইয়ারা পরিচালকের সঙ্গে হাসিমুখে সেলফি প্রসেনজিৎ-পুত্রের

Spread the love

টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjit Chatterjee) কি তবে এবার রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন? বহু দিন ধরে চলতে থাকা সেই জল্পনাতেই আরও কিছুটা ইন্ধন জোগাল সাম্প্রতিক এক বিশেষ ছবি। বলিউড পরিচালক মোহিত সুরি (Mohit Suri)-র সঙ্গে হাসিমুখে তোলা একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তৃষাণজিৎ। আর তার পরেই বিনোদন জগতে জল্পনা শুরু হয়েছে, তবে কি ‘আশিকি ২’ এবং ব্লকবাস্টার ‘সাইয়ারা’ (Saiyaara)-র মতো রোমান্টিক মিউজিক্যাল ছবির স্রষ্টা মোহিত সুরির হাত ধরেই বলিউডে অভিষেক হতে চলেছে বুম্বাদার পুত্রের?

‘সব কৃতিত্ব বাবার’: মোহিত সুরির সঙ্গে ছবি পোস্ট তৃষাণজিতের

বলিউডের স্বনামধন্য পরিচালক মোহিত সুরির কাঁধে হাত রেখে হাসিমুখে তোলা ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তৃষাণজিৎ। পোস্টের ক্যাপশনে তৃষাণজিৎ লেখেন, ‘বাবার জন্যই মোহিত সুরির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। যদিও এটি ছিল একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ। তবে এর সব কৃতিত্ব আমার বাবার। তোমায় অনেক ভালোবাসি বাবা!’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বন্ধু ও যোগাযোগ থেকেই যে এই সাক্ষাৎকারটি সম্ভব হয়েছে, তা তৃষাণজিতের কথাতেই স্পষ্ট।

আপাতত মুম্বই-কলকাতা মিলিয়ে থাকেন তৃষাণজিৎ। পৃথ্বী থিয়েটারের সঙ্গে যুক্ত প্রসেনজিৎ-অর্পিতা পুত্র। আপাতত তিনি মঞ্চাভিনয়ে রয়েছেন। চলতি বছরের গোড়ায় শোনা গিয়েছিল এসভিএফের হাত ধরে রুপোলি পর্দায় অভিষেক হবে তৃষাণজিৎ-এর। বিপরীতে নায়িকা আর্যা রায়। যাঁকে সম্প্রতি আদৃত রায়ের সঙ্গে বেপরোয়া ছবিতে দেখেছে দর্শক। যদিও সেই ছবি নিয়ে আপতত কোনও আপটেড নেই। এর মাঝেই বলিউডের বিখ্যাত পরিচালকের সঙ্গে বিশ্বজিৎ-এর নাতি।

‘সাইয়ারা’র মেগা সাকসেসের পর নয়া সমীকরণ:

উল্লেখ্য, পরিচালক মোহিত সুরির ঝুলিতে রয়েছে ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘মলং’-এর মতো অনবদ্য সব লাভ স্টোরি। সম্প্রতি তাঁর পরিচালিত ও যশ রাজ ফিল্মস প্রযোজিত মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’ (Saiyaara) বিশ্বজুড়ে বক্স অফিসে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং মোহিত সুরির ক্যারিয়ারে সর্বোচ্চ ব্যবসা করেছে।

অভিষেকের কাউন্টডাউন?: ‘সাইয়ারা’র মতো কাল্ট রোমান্টিক ছবি উপহার দেওয়ার পর মোহিত সুরির পরবর্তী প্রজেক্ট নিয়ে সবার চোখ। এমন এক সময় তৃষাণজিতের সাথে এই সাক্ষাৎ কেবল সৌজন্যমূলক আড্ডা নাকি নতুন কোনো স্ক্রিপ্ট বা ডেবিউয়ের আলোচনা— তা নিয়ে চর্চা চরম আকার ধারণ করেছে। কারণ নতুন মুখেদের সুযোগ দিতে মোহিত সুরির জুড়ি মেলা ভার।

রুপোলি পর্দায় প্রসেনজিৎ-পুত্রের ভবিষ্যৎ:

তৃষাণজিৎ ইতোমধ্যেই নিজের ফিটনেস ও চেহারার নানা ছবি দিয়ে নেটিজেনদের মন জয় করেছেন। টলিউডের অন্যতম শীর্ষ তারকার সন্তান হওয়ায় তাঁর ডেবিউ নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহের সীমা নেই। বাবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই বিশেষ মধ্যস্থতায় তৃষাণজিৎ ও মোহিত সুরির মিলন কি বলিপাড়ায় নতুন কোনো ‘সাইয়ারা’র জন্ম দেবে? উত্তর সময়ের গর্ভেই।

Leave a Reply