বলিউড বাদশাহ শাহরুখ খান-এর মেগা বাজেট ছবি ‘কিং’ (King)-কে ঘিরে অনুরাগী মহলে উন্মাদনা এখন চরমে। সেই উত্তেজনায় ঘি ঢেলে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির গান ‘তু মিল যায়ে’ (Tu Mil Jaaye)। আর এই গানের মাধ্যমে প্রথমবারের মতো বলিউডের কোনও চলচ্চিত্রে কন্ঠ দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ পপস্টার এড শিরান! আন্তর্জাতিক মঞ্চের এড শিরান ও ভারতের অরিজিৎ সিং-এর এই বিরল জুটি সংগীতপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছে।
শাহরুখ খানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও এই ঐতিহাসিক সহযোগিতার পেছনের নানা গল্প সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন এই ব্রিটিশ গায়ক।
মন্নতের আড্ডা থেকে গান তৈরি:
এড শিরান নিজের ইনস্টাগ্রামে ভোকাল রেকর্ডিংয়ের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, বলিউডে তাঁর গান গাওয়ার সফরটি অনেকটাই কাকতালীয়ভাবে মন্নতে শাহরুখের আতিথেয়তার মাধ্যমে সম্ভব হয়েছে।
এড শিরান জানান,’যখন প্রথম শাহরুখের সঙ্গে আমার দেখা হয়, উনি বলেছিলেন ওঁর পরের ছবিতে আমাকে অবশ্যই গান গাইতে হবে এবং সেটাই হবে বলিউডে আমার প্রথম কাজ। বছরের পর বছর ধরে আমাদের বন্ধুত্ব ও পরিচিতি গভীর হয়েছে। আমি ওনাকে ভীষণ ভালোবাসি।’
ভারতের সাম্প্রতিক সফরের সময় এড শিরান মন্নতে গিয়েছিলেন তাঁর ‘স্যাফায়ার’ (Sapphire) গানের মিউজিক ভিডিওতে শাহরুখকে দিয়ে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করানোর জন্য। সেই দিনই শাহরুখ তাঁকে সুরকার জুটি সচিন-জিগর-এর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই দিন রাতেই এড শিরান ‘তু মিল যায়ে’ গানের জন্য নিজের অংশটি লেখেন ও রেকর্ড করে ফেলেন।

শাহরুখের ভালোবাসা ও বিশেষ বার্তা:
গানে এডের হিন্দি অংশের প্রশংসা করে শাহরুখ খান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এড শেরানকে ধন্যবাদ জানিয়েছেন। শাহরুখ লেখেন, ‘বন্ধুর এই গানটি করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, বিশেষ করে গানের হিন্দি অংশগুলোর জন্য! লাভ ইউ এড!’
এডও সচিন-জিগর এবং অরিজিৎ সিং-এর সাথে কাজ করতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যে, তাঁর সব প্রিয় মানুষগুলোকে এখন একই প্রজেক্টে পাওয়া গেছে।
২৪ ঘণ্টায় রেকর্ড ভাঙা ইউটিউব সাফল্য:
গত ২ নভেম্বর, শাহরুখ খানের ৬১ তম জন্মদিনে মুক্তি পায় ‘তু মিল যায়ে’ গানটি। মুক্তির পরই সব মাধ্যম মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এটি ৬০ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে।
ইউটিউবে মুক্তির প্রথম দিনেই ৩৬.৩ মিলিয়ন ভিউ এবং ৪ লক্ষ ৩০ হাজারের বেশি লাইক পেয়ে এই গানটি সবথেকে বেশি দেখা ভারতীয় ছবির গানের তালিকার শীর্ষে পৌঁছে এক নতুন ইতিহাস গড়েছে। শাহরুখের আগের ব্লকবাস্টার ‘জওয়ান’-এর ‘জিন্দা বান্দা’ (৩৪.৬ মিলিয়ন), ‘আদিপুরুষ’-এর ‘জয় শ্রী রাম’ এবং ‘সিকান্দার’-এর ‘সিকান্দার নাচে’ গানের রেকর্ড গুড়িয়ে দিয়েছে ‘তু মিল যায়ে’।
ছবির অন্যান্য খুঁটিনাটি:
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাকশন ড্রামা ‘কিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬-এ। ছবিতে শাহরুখের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালকে। পাশাপাশি রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন এবং কারিনা কাপুর খান বিশেষ ক্যামিও চরিত্রে আত্মপ্রকাশ করবেন।