চপস্টিক, কাঁচি নাকি চুলের কাঁটা!কি দিয়ে মারা হয়েছে লিভ ইন পার্টনারকে?

Spread the love

গড়িয়ার ফরতাবাদের ভাড়া ফ্ল্যাটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সার্থক সরকারের মৃত্যুর ঘটনায় এখনও উদ্ধার হয়নি খুনে ব্যবহৃত সন্দেহভাজন অস্ত্র।  এই ঘটনায় সার্থকের লিভ-ইন সঙ্গী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসু গ্রেফতার হয়েছেন। তবে কে আঘাত করেছিলেন এবং ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়।তদন্তকারীদের অনুমান, সরু ও ধারালো কোনও বস্তু দিয়ে তাঁর গলায় আঘাত করা হয়ে থাকতে পারে। সম্ভাব্য অস্ত্র হিসেবে চপস্টিক, কাঁচি কিংবা চুলের কাঁটার মতো জিনিসের কথা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার সকালে ঘটনার পুনর্নির্মাণের জন্য ওই ফ্ল্যাটে সঞ্চালিকা ও মৌমিতাকে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার রাতে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা চলছে। পুলিশের দাবি, সঞ্চালিকা আইনের ছাত্রী ফলে কীভাবে কী বললে, আইনের চোখে ধুলো দেওয়া যায়, সেবিষয়ে তাঁর জানা আছে। তাই বয়ান অদলবদল করছেন বারবার। মৌমিতা ও সঞ্চালিকার কোনও কথাই সেভাবে মিলছে না। তাই কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না। তদন্তকারীদের নজরে প্রথমেই এসেছে সার্থকের গলায় আঘাতের ধরন। তাঁদের অনুমান, কোনও সরু ও ছুঁচালো বস্তু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে। সম্ভাব্য অস্ত্র হিসেবে চপস্টিকের কথাও উঠে এসেছে। পাশাপাশি কাঁচি বা চুলের কাঁটার মতো অন্য কোনও বস্তু ব্যবহার করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও অস্ত্র উদ্ধার হয়নি। ফলে চপস্টিক দিয়ে খুনের তত্ত্বকে নিশ্চিত তথ্য হিসেবে দেখছে না পুলিশ।

পুলিশের তদন্তে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঘটনার রাতের ধারাবাহিকতা পুনর্গঠন। ফরতাবাদের ওই ফ্ল্যাটে সার্থক সরকার ও সঞ্চালিকা বসুর মধ্যে বচসা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি। সেই বিবাদের সময়ই পরিস্থিতি হিংসাত্মক হয়ে ওঠে বলে প্রাথমিক অনুমান। তবে আঘাতের ধরন এবং ব্যবহৃত বস্তুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে ফরেন্সিক পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করছেন তদন্তকারীরা। এই ঘটনায় সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই জিজ্ঞাসাবাদ করে ঘটনার আগের পরিস্থিতি এবং খুনের পর কী হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। বিশেষ করে ঘটনার সময় বাড়িতে কে কোথায় ছিলেন, কীভাবে সার্থক আক্রান্ত হলেন এবং পরে কী পদক্ষেপ করা হয়েছিল, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

Leave a Reply