‘বিগ বস বাংলা’-র সঞ্চালনার ব্যস্ত শিডিউল ও কাজের হাজারো চাপ সামলে প্রতি বছরের মতো এবারও পারিবারিক কালীপুজোয় চেনা মেজাজে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। পারিবারিক কালীপূজায় আত্মীয়-স্বজনদের সাথে আলো ঝলমলে সান্ধ্য উদযাপনে মেতে ওঠার নানাবিধ মিষ্টি মুহূর্ত সামাজিক মাধ্যমে এল প্রকাশ্য়ে।
পূজার নিয়মানুষ্ঠান ছাড়াও উৎসবের আবহে সৌরভ এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়-এর এথনিক লুক নেটিজেনদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। বিগ বস বাংলায় ‘দাদার দরবার’-এর শ্যুটিং সেরে সোজা পুজোর আসরে যোগ দেন মহারাজ।
কালো পোশাকে সৌরভ, পিওর সিল্কে নজরকাড়া ডোনা:
দীপাবলি ও কালীপূজার বিশেষ রাতে সৌরভ এবং ডোনা দুজনেই বেছে নিয়েছিলেন অভিজাত অবতার। কালো রঙের ডিজাইনার কারুকাজ ও এমব্রয়ডারি করা কুর্তায় বরাবরের মতোই রাজকীয় লুকে ধরা দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের সাথে সামঞ্জস্য রেখে ডোনা গঙ্গোপাধ্যায়ও সেজেছিলেন কালো রঙের স্ট্রাইপড শাড়িতে।
পুজো উদযাপনের পাশাপাশি ভক্তদের নজর কেড়েছে গঙ্গোপাধ্যায় পরিবারের ঐতিহ্যবাহী পুজোর ভোগের মেনু। ছবিতে দেখা মেলা তৃপ্তিদায়ক পদের তালিকায় রয়েছে: গরম গরম ভোগ খিচুড়ি, ফুলকো সাদা লুচি, মুচমুচে বেগুন ভাজা , ঐতিহ্যবাহী লাবড়া/ছ্যাঁচড়া তরকারি এবং মাখা মাখা আলুর দম। একেবারে খাঁটি বাঙালি পদের এমন উপাদেয় ভোগ দিয়ে সম্পন্ন হয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারের পূজার ভূরিভোজ।

শুধু তাই নয়, সৌরভের পরিবারে এসেছে একঝাঁক নতুন সদস্য়। হ্যাঁ, সৌরভ-ডোনার আদুরে চারপেয়ে কন্যে সুগার মা হয়েছে। গোল্ডেন রিট্রিভার প্রজাতির সারমেয় সুগার। তাঁর খুদে ছানারা হইহই করছে গোটা বাড়ি জুড়ে।
বিগ বসের চাপ ও উৎসবের আনন্দ:
বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায় ‘বিগ বস বাংলা’ সঞ্চালনা নিয়ে দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিযোগীদের ভুল শুধরে দেওয়া থেকে শুরু করে ঘরে শৃঙ্খলা বজায় রাখার কড়া মেজাজ— সবটাই সামলাচ্ছেন দক্ষতার সাথে। তবে কাজের শত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দেওয়া ও নিজেদের পারিবারিক উৎসবে আন্তরিকভাবে সামিল হওয়ার মহারাজ ফের একবার ভক্তদের মন জয় করে নিয়েছে।