Indian Blind Cricket Team on Pakistan: পাকিস্তান দলের সঙ্গে আম্পায়ারই সেলিব্রেশনে মেতে ওঠেন বলে বিস্ফোরক অভিযোগ করল ভারত। ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া’-র (সিএবিআই) তরফে অভিযোগ করা হয়েছে, ঢাকায় বৃষ্টির জেরে এশিয়া কাপের ফাইনাল ভেস্তে যাওয়ার পরও পাকিস্তানকে জয়ী ঘোষণা করে দেওয়ার পরে পড়শি দেশের খেলোয়াড়ের সঙ্গে আম্পায়ারকে সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গিয়েছে। যিনি নিজেও পাকিস্তানি। আর পুরো এশিয়া কাপে আম্পায়ারিং করেছেন। শুধু তাই নয়, বিমান ধ্বংসের কায়দায় সেলিব্রেশন করারও অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
‘ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া’-র তরফে একটি ভিডিয়ো পোস্ট করে বলা হয়েছে, ‘এই পাকিস্তানি আম্পায়ার ২০২৬ সালের এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের পুরো টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। অথচ তাঁকে পাকিস্তান দলের সঙ্গে উদযাপন করতে দেখা যাচ্ছে। আম্পায়ারিংয়ের নিয়ম অনুযায়ী, একজন আম্পায়ারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং কোনও দলের পক্ষ নিলে চলবে না।’
পাকিস্তানি বোর্ডের প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অভিযোগ উঠেছে, বিশ্ব ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের টেকনিক্যাল কমিটির তরফে সুপারিশ করা হয়েছিল যে ভারত এবং পাকিস্তানকে যুগ্মভাবে জয়ী ঘোষণা করা হোক। কিন্তু সেই সুপারিশ উড়িয়ে দিয়ে নিজের মর্জি মতো পাকিস্তানকে জয়ী ঘোষণা করার নির্দেশ দেন বিশ্ব ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট সুলতান শাহ। যিনি পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রধানও।

সেই বিষয়টিও সরব হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার সচিব শৈলেন্দ্র বলেছেন যে ‘পাকিস্তান জোর করে নিজেদের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে দিয়েছে। পাকিস্তান যে কাজ করেছে, তা অত্যন্ত লজ্জাজনক। ওরা মাঠে জিততে পারে না। তাই এরকম কাজকর্ম করে বেড়ায়।