সাধক বামাক্ষ্যাপা নিয়ে কি বললেন সাহেব?

Spread the love

‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। সব্যসাচী থেকে পায়েল, প্রত্যেকের অভিনয় দেখে চোখে জল এসেছে দর্শকদের। এমনকি হল ভিজিট করতে গিয়ে দর্শকদের থেকে উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তারকারা। কিন্তু এত কিছুর পরেও মাত্র এক সপ্তাহের মধ্যে ছবির প্রদর্শনী বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন প্রযোজনা সংস্থা।

এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই গোটা ঘটনায় ক্ষোভ উগরে দিলেন সব্যসাচী চৌধুরী এবং সাহেব চট্টোপাধ্যায়। দুজনকেই বেশ উত্তপ্ত হয়ে কথা বলতে শুনতে পাওয়া যায়। একটি ছবি দর্শকদের থেকে এতটা সাড়া পাওয়ার পরেও এমন ঘটনা কিভাবে হয়, প্রশ্ন তুলেছেন সব্যসাচী।

সাহেবের বক্তব্য, ‘গোটা ভারতে এমন ঘটনা অন্য কোনও রাজ্যে হয় না। আপনি যদি তামিলনাড়ুতে গিয়ে বলেন যে হিন্দি সিনেমা আছে বলে আপনাদের ভাষার সিনেমা হল থেকে সরিয়ে দেওয়া হবে। দেখুন তো ওঁরা মেনে নেন কিনা? আমার মনে হয় এই ঘটনার কোথাও হয় না। তাহলে এখানে কেন হবে?’সাহেব বলেন, ‘আমরা সৃষ্টি করেছি আমরা সৃষ্টির মর্যাদা বুঝি। এই ছবিটি তৈরি করতে কতটা কষ্ট হয়েছে আমরা জানি। যদি দর্শকরা ভালোবাসা না দিতেন তাহলে আমরা কিছু বলতাম না। কিন্তু আপনারা সবাই জানেন যে কিভাবে এই ছবিটিকে সবাই ভালোবাসা দিয়েছে। গত দুদিন বৃষ্টির মধ্যেও মানুষ এসেছে ছবিটি দেখতে। এমনকি আজকেও ছবিটি হাউসফুল। তাহলে যেটা হচ্ছে সেটা আমাদের ছবির জন্য অন্যায়। এটা কখনোই মেনে নেওয়া যায় না।’

জানা গিয়েছে, রাজশ্রী প্রোডাকশন প্রযোজিত এবং যশরাজ ফিল্মস পরিবেশিত আসন্ন হিন্দি সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তির জন্য পর্যাপ্ত শো না পাওয়ায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থার তরফ থেকে আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে।

প্রসঙ্গত, নির্মাতারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, প্রত্যেক ছবি হল পাক এটা সবাই চায়। এই বিষয় নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু সেটা অন্য কোন ছবির বিনিময়ে যেন না হয় যেটা ইতিমধ্যেই ভালো ব্যবসা করছে এবং দর্শকদের থেকে ভালোবাসা পাচ্ছে। হল মালিকদের বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকে।

 

Leave a Reply