হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করছেন? সাবধান হয়ে যান

Spread the love

হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web) ব্যবহার করছেন? সাবধান হয়ে যান। সাইবার বিপদ ডেকে আনতে পারে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিটের তরফে এক জরুরি সতর্কবার্তা জারি করেছে। গত ২৩ নভেম্বর প্রকাশিত এই নির্দেশিকায় সরকারি, প্রাতিষ্ঠানিক এবং সংবেদনশীল কাজে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক বা যে কোনও গোপনীয় ও সংবেদনশীল তথ্য কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে আদান-প্রদান না করার কড়া পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে অফিসের কম্পিউটার, শেয়ার্ড সিস্টেম, পাবলিক কম্পিউটার বা এমন কোনও ডিভাইস, যেখানে অন্য ব্যক্তিদের সহজেই প্রবেশাধিকার রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অফিসের ব্যস্ততায় অনেকেই ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েব খোলা রেখে আসন ছেড়ে চলে যান বা স্থায়ীভাবে লগ-ইন করে রাখেন। এই সামান্য অসতর্কতার সুযোগ নিয়েই সংবেদনশীল নথি বা তথ্য বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল থাকে।

স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগে থেকে লগ-ইন করা বা অথেন্টিকেটেড হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনগুলির অপব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীর অ্যাকাউন্টে অনুমোদনহীন প্রবেশাধিকার পেতে পারে। একবার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে গেলে প্রতারকরা ব্যবহারকারীর সমস্ত ব্যক্তিগত মেসেজ পড়ে ফেলতে পারে। শুধু তাই নয়, ব্যবহারকারীর কনট্যাক্ট লিস্ট এবং গ্রুপ কথোপকথনেও প্রবেশ করতে পারে তারা। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, অ্যাকাউন্টধারীর ছদ্মবেশ ধরে পরিচিতদের বিভ্রান্ত করা, ফিশিং লিংক পাঠানো এবং নানা ধরনের সাইবার প্রতারণার জাল বিস্তার করতে পারে দুষ্কৃতীরা। ফলে ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হওয়ার পাশাপাশি বড়সড় আর্থিক ও প্রাতিষ্ঠানিক ক্ষতির ঝুঁকি তৈরি হচ্ছে।

১) টানা লগ-ইন এড়িয়ে চলুন: প্রয়োজন ফুরিয়ে গেলে, বিশেষ করে অফিস বা শেয়ার্ড কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব সেশন কখনওই অ্যাক্টিভ বা লগ-ইন অবস্থায় ফেলে রাখবেন না।

২) ম্যানুয়ালি লগ-আউট করুন: কাজ শেষ হলে অবশ্যই ম্যানুয়ালি লগ-আউট করতে হবে। অনেকেই মনে করেন ব্রাউজারের ট্যাব বা উইন্ডো বন্ধ করে দিলেই অ্যাকাউন্ট লগ-আউট হয়ে যায়; কিন্তু নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে কেবল ব্রাউজার উইন্ডো বা ট্যাব বন্ধ করাকে লগ-আউট হিসেবে গণ্য করা উচিত নয়।

৩) ইনকগনিটো মোড ব্যবহার: একান্তই যদি অস্থায়ীভাবে কোনো বিশ্বস্ত কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে হয়, তবে ব্রাউজারের ইনকগনিটো (Incognito) বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করুন এবং ব্রাউজার বন্ধ করার আগে অবশ্যই ম্যানুয়ালি লগ-আউট করুন।

৪) পাবলিক বা অজানা কম্পিউটার বর্জন: সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার বা অন্যের কাছ থেকে ধার নেওয়া অবিশ্বস্ত কম্পিউটারে ভুলেও হোয়াটসঅ্যাপ ওয়েব খুলবেন না।

৫) সন্দেহজনক কার্যকলাপে নজর: আপনার অ্যাকাউন্ট থেকে অপ্রত্যাশিত মেসেজ পাঠানো হলে, কনট্যাক্টদের কাছ থেকে অদ্ভুত উত্তর এলে বা কোনও অস্বাভাবিক ও ব্যাখ্যাতীত কার্যকলাপ চোখে পড়লে তা গুরুত্ব সহকারে যাচাই করুন।

Leave a Reply