হিন্দি সিনেমার দাপটে বাংলা ছবির প্রেক্ষাগৃহ সংকট এবং ‘সাধক বামাক্ষ্যাপা’কে হল থেকে সরিয়ে দেওয়ার বিতর্কে অবশেষে ইতি পড়ল। দর্শকদের ভালো সাড়া এবং বক্স অফিসে সাফল্য সত্ত্বেও যশরাজ ফিল্মসের নতুন হিন্দি ছবি ‘ইয়ে প্রেম মোল লিয়া’-র জন্য বাংলা ছবিটির শো কমিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন একাধিক প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত ঘিরে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল টলিউডে। শেষ পর্যন্ত মঙ্গলবার, ২৪ নভেম্বর নবান্নে জরুরি বৈঠক ডেকে গোটা পরিস্থিতিতে হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনওভাবেই বন্ধ করা যাবে না সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন। শুধু তাই নয়, ছবিটিকে দিতে হবে প্রাইম টাইমের শো।
মঙ্গলবার দুপুর ১টা নাগাদ নবান্নে বাংলা চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রযোজক, পরিচালক, পরিবেশক এবং প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সিনেমা পরিবেশক শতদীপ সাহা এবং প্রেক্ষাগৃহ মালিক অরিজিৎ দত্ত-সহ টলিউডের একাধিক পরিচিত মুখ। পাশাপাশি ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বৈঠকে বাংলা ছবির প্রদর্শন নিয়ে হল মালিকদের ভূমিকা এবং সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘সাধক বামাক্ষ্যাপা’র শো কোনওভাবেই বন্ধ করা যাবে না। দর্শকদের আগ্রহ ও ছবির সাফল্যকে গুরুত্ব দিয়ে প্রাইম টাইমেই ছবিটি চালাতে হবে। ফলে হিন্দি ছবির জন্য বাংলা ছবির প্রদর্শন বন্ধ বা কমিয়ে দেওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, আপাতত সেই জট কাটল বলেই মনে করছে টলিউড মহল।
দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত বাংলা ছবির জন্য প্রাইম টাইম, কী জানালেন রুদ্রনীল?
নবান্নের বৈঠক শেষে অনেকটাই স্বস্তির সুর শোনা যায় টলিউড প্রতিনিধিদের বক্তব্যে। অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলা ছবির শো-সংক্রান্ত সমস্যার সমাধানের পথ তৈরি হয়েছে। পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার জন্য প্রাইম টাইমের সময়সীমা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুদ্রনীলের বক্তব্য অনুযায়ী, প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত বাংলা সিনেমার প্রদর্শনের জন্য প্রাইম টাইম বরাদ্দ থাকবে। অর্থাৎ, এই সময়ের মধ্যে বাংলা ছবিকে যথাযথ গুরুত্ব দিয়ে শো দিতে হবে।
বৈঠক থেকে বেরিয়ে রুদ্রনীল বলেন, বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপের কথা ভাবছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, বাংলা ছবিকে প্রাইম টাইমে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। ‘সাধক বামাক্ষ্যাপা’র পাশে দাঁড়ানোর জন্যও তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রুদ্রনীল আরও জানান, আপাতত ছবিটির ৫১টি শো রয়েছে। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে।
‘রামায়ণ’ থেকে ‘ইয়ে প্রেম মোল লিয়া’, বারবার বাধার মুখেও দর্শকের ভালোবাসায় এগিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’
প্রসঙ্গত, বাংলা ছবির প্রেক্ষাগৃহ পাওয়া এবং প্রাইম টাইমে প্রদর্শনের সুযোগ নিয়ে এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বড় বাজেটের হিন্দি ছবির সঙ্গে প্রতিযোগিতার কারণে বারবার সমস্যায় পড়তে হয়েছে বাংলা সিনেমাকে। সেই পরিস্থিতিতেই করমুক্ত মেগাবাজেট ছবি ‘রামায়ণ’-এর সঙ্গে সংঘাত এড়াতে নির্ধারিত ৬ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর মুক্তি পায় সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সাধক বামাক্ষ্যাপা’।
ছবিতে সাধক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়। মাত্র তিন দিনের মধ্যেই দর্শক এবং সমালোচকদের প্রশংসা পেতে শুরু করে এই ছবি। প্রেক্ষাগৃহে সব্যসাচীর অভিনয়ও দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এমনকী, ছবির আবেগঘন প্রভাব এতটাই ছিল যে, কয়েকজন দর্শক অভিনেতাকে বামাক্ষ্যাপার চরিত্রে দেখে তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন।
এত ভালো সাড়া পাওয়া সত্ত্বেও মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে নতুন হিন্দি ছবির জন্য ‘সাধক বামাক্ষ্যাপা’র শো সরিয়ে দেওয়ার উদ্যোগ ঘিরে ক্ষোভ ছড়ায় বাংলা চলচ্চিত্র মহলে। প্রশ্ন উঠতে শুরু করে, দর্শকের পছন্দ এবং বক্স অফিসে সাফল্য থাকা সত্ত্বেও কেন বাংলা ছবিকে প্রেক্ষাগৃহে জায়গা পেতে লড়াই করতে হবে?

তবে মঙ্গলবার নবান্নের জরুরি বৈঠকের পর পরিস্থিতি অনেকটাই বদলেছে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ এবং বাংলা ছবির জন্য প্রাইম টাইম বরাদ্দের সিদ্ধান্তে আপাতত স্বস্তি ফিরেছে টলিউডে। এখন দেখার, প্রশাসনিক নির্দেশের পর বাস্তবে কতটা গুরুত্ব পায় বাংলা সিনেমা এবং আগামী দিনে অন্যান্য বাংলা ছবির ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর হয় কি না।