বিগ বস বাংলায় সৌরভের আচরণে ক্ষুব্ধ শ্রীলেখা! রাজবীরকে নিয়ে তুললেন প্রশ্ন

Spread the love

বিগ বস বাংলার সঞ্চালকের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। কখনও জীতু, কখনও আবার রাজবীরের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় প্রবল ট্রোলের মুখে পড়তে হয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ককে। সম্প্রতি উইকেন্ডের পর্বে রাজবীর দে-কে বকাঝকা করার পরেও সমালোচনার ঝড় ওঠে। এমনকী, সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে নাম না করে একটি পোস্টও করেন সৌরভ। তাঁর সেই পোস্ট দেখে অনেকেরই ধারণা, সমালোচকদের উদ্দেশেই পরোক্ষভাবে জবাব দিয়েছেন তিনি। এরই মধ্যে নতুন করে চর্চায় উঠে এল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের একটি পোস্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছেন তিনি। সেখানে দাদার প্রতি নিজের ভালোলাগার কথা জানালেও বিগ বস বাংলায় তাঁর সঞ্চালনা এবং রাজবীরের সঙ্গে আচরণ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।

সৌরভের প্রশংসা করেই চিঠির শুরু করেছেন শ্রীলেখা। তাঁর কথায়, একটা গোটা প্রজন্ম সৌরভকে দেখে বড় হয়েছে এবং তাঁকে আদর্শ হিসেবে মেনেছে। ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার সময় তাঁর সাহস, আগ্রাসী মানসিকতা এবং নিজের সিদ্ধান্তে অবিচল থাকার ক্ষমতাই তাঁকে দেশের মানুষের কাছে অন্যতম আইকন করে তুলেছে। শুধু বাংলা বা ভারতেই নয়, আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে রয়েছে তাঁর জনপ্রিয়তা।

শ্রীলেখার মতে, সৌরভ একজন প্রতিষ্ঠিত, সফল, শিক্ষিত এবং আর্থিকভাবে স্বচ্ছল ব্যক্তিত্ব। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদানের জন্য ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। এমনকী, তাঁর জীবন অবলম্বনে একটি ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে, যার পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। এই পরিচালকের কাজও যে শ্রীলেখার অত্যন্ত পছন্দের, চিঠিতে সেই কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী।

তবে এত প্রশংসার পরেই সৌরভকে সরাসরি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন শ্রীলেখা। তাঁর বক্তব্য, ”আপনার কি আদৌ বিগ বস সঞ্চালনা করার প্রয়োজন ছিল?” মূলত রাজবীর দে-র সঙ্গে সৌরভের সাম্প্রতিক কথোপকথন এবং আচরণ থেকেই এই প্রশ্ন মনে এসেছে অভিনেত্রীর।

শ্রীলেখার কথায়, যথেষ্ট হতাশা থেকেই তিনি এই মন্তব্য করছেন। বিগ বস বাংলার প্রতিযোগী রাজবীর দে-র সঙ্গে সৌরভ যেভাবে আচরণ করছেন, তা একেবারেই প্রত্যাশিত নয়। তাঁর মতো একজন ব্যক্তিত্বের কাছ থেকে এমন ব্যবহার কাম্য ছিল না বলেই মনে করছেন অভিনেত্রী। তিনি এ-ও স্বীকার করেছেন, সৌরভ বিনোদন জগতের মানুষ নন। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা তাঁকে বিজ্ঞাপনের দুনিয়াতেও অন্যতম চাহিদাসম্পন্ন মুখ করে তুলেছিল। ক্রিকেটের মাঠের বাইরেও তাঁর পরিচিতি এবং জনপ্রিয়তা যে কতটা বিস্তৃত, তা কারও অজানা নয়।

কিন্তু জনপ্রিয়তার সঙ্গে দায়িত্বও আসে, চিঠিতে সেই বিষয়টিই মনে করিয়ে দিয়েছেন শ্রীলেখা। একসময় নিজেও সৌরভের অনুরাগী ছিলেন বলে জানিয়েছেন তিনি। সৌরভকে নিয়ে গর্বও অনুভব করতেন। কিন্তু আরজি কর আন্দোলন চলাকালীন সৌরভের অবস্থান তাঁকে গভীরভাবে হতাশ করেছিল বলে দাবি অভিনেত্রীর। আর এবার বিগ বস বাংলার সঞ্চালক হিসেবে সৌরভের আচরণ সেই পুরনো হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

সব মিলিয়ে, বিগ বস বাংলায় রাজবীরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার সরাসরি মুখ খুললেন শ্রীলেখা মিত্র। সৌরভের ক্রিকেটীয় কৃতিত্ব ও জনপ্রিয়তার প্রতি শ্রদ্ধা রেখেও তাঁর সঞ্চালনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। শ্রীলেখার এই খোলা চিঠি প্রকাশ্যে আসতেই তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Leave a Reply