জীতু-সৃজলার প্রেমচর্চার মাঝেই ভাইরাল নবনীতার ৩ বছরের পুরোনো ভিডিও

Spread the love

‘বিগ বস বাংলা’-র ঘরে জীতু কমল ও সৃজলা গুহর ঘনিষ্ঠতা এবং প্রেমের সমীকরণ নিয়ে ইতিমধ্যেই সরগরম টলিপাড়া। খোলা আকাশের নিচে বাতাসকে সাক্ষী রেখে সৃজলাকে জীতুর প্রেম নিবেদনের মুহূর্ত প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানা আলোচনা। আর এর মধ্যেই নতুন করে চর্চায় উঠে এলেন জীতুর প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী নবনীতা দাস। সোশাল মিডিয়ায় আচমকাই ভাইরাল হয়েছে তাঁর তিন বছর আগের একটি সাক্ষাৎকারের ভিডিও। সেই ভিডিওকে সাম্প্রতিক ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে ছড়ানো হচ্ছিল নানা বিভ্রান্তিকর তথ্য। অবশেষে এই প্রচারের বিরুদ্ধে মুখ খুললেন নবনীতা।

সম্প্রতি একটি ফেসবুক পেজ থেকে নবনীতার পুরোনো সাক্ষাৎকারের একটি অংশ শেয়ার করা হয়। ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে দাবি করা হয়, ‘জিতু এক নারীতে আসক্ত থাকতে পারে না বেশি দিন, নবনীতা কী বলছে দেখুন’। ওই সাক্ষাৎকারে নবনীতাকে বলতে শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের পরেও জীতু কমলের সঙ্গে তাঁর নিয়মিত ফোনে কথা হয়। জীতু কোথায় যাচ্ছেন, কখন তাঁর ফ্লাইট, কী খাচ্ছেন কিংবা কোথায় ঘুরতে যাচ্ছেন, সেই সমস্ত খবরই তাঁরা একে অপরের সঙ্গে ভাগ করে নেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

কিন্তু তিন বছর আগের সেই সাক্ষাৎকারের ভিডিওকে ‘বিগ বস বাংলা’-য় জীতু ও সৃজলার সাম্প্রতিক রোম্যান্টিক মুহূর্তের সঙ্গে জুড়ে দেওয়ায় তৈরি হয় বিভ্রান্তি। নেটমাধ্যমে শুরু হয় নানা জল্পনা।

পুরোনো ভিডিও ভাইরাল হতেই কী বললেন নবনীতা?

বিষয়টি নজরে আসতেই আর চুপ করে থাকেননি নবনীতা দাস। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে বিতর্কিত পোস্টটি শেয়ার করে স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানান তিনি। অভিনেত্রীর বক্তব্য, তাঁর সেই ভিডিওটি তিন বছর আগের। সম্প্রতি ঘটে যাওয়া কোনও ঘটনার সঙ্গে পুরোনো সাক্ষাৎকারের কোনও সম্পর্ক নেই।

নবনীতার কথায়, ‘আমার এই ভিডিওটা ৩ বছর আগের.. ৩ বছর আগের সাক্ষাৎকারের সাথে সম্প্রতি কোনও ঘটনার মিল নেই.. এই সব ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন..’। অর্থাৎ, পুরোনো বক্তব্যকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে যে ধরনের প্রচার চলছে, তা বন্ধ করারই আবেদন জানিয়েছেন অভিনেত্রী।

বিচ্ছেদের পরেও জীতুর সঙ্গে যোগাযোগ রয়েছে নবনীতার!

উল্লেখ্য, কয়েক বছর আগেই আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে জীতু কমল ও নবনীতা দাসের। বিচ্ছেদের পর দু’জনেই নিজেদের জীবন ও কেরিয়ারে এগিয়ে গিয়েছেন। অভিনয় থেকে আপাতত দূরে সরে ব্যবসার কাজে মন দিয়েছেন নবনীতা। অন্যদিকে, নিজের অভিনয় জীবন নিয়েই ব্যস্ত জীতু।

তবে বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে যে সৌজন্য ও যোগাযোগ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, এমনটা নয়। এর আগেও বিভিন্ন সময়ে প্রাক্তন স্বামীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে নবনীতাকে। সায়নী ঘোষের সঙ্গে জীতুর ভার্চুয়াল বিতর্কের সময়ও প্রাক্তন স্বামীর সমর্থনে কথা বলেছিলেন তিনি।

এমনকী, মধ্যরাতে দু’জনের একসঙ্গে কুলফি খাওয়ার ভিডিওও একসময় ভাইরাল হয়েছিল। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে কেন্দ্র করে বিতর্কের সময়ও সহ-অভিনেতা জীতুর প্রশংসা করতে শোনা গিয়েছিল নবনীতাকে।

তবে ‘বিগ বস বাংলা’-র ঘরে সৃজলা গুহর সঙ্গে জীতুর ঘনিষ্ঠতা এবং প্রেম নিবেদনের ঘটনা সামনে আসার পর থেকেই নতুন করে আলোচনায় উঠে আসছেন নবনীতা। তাঁর পুরোনো সাক্ষাৎকারের অংশ তুলে ধরে নানা মন্তব্যও করা হচ্ছে সোশাল মিডিয়ায়। শেষ পর্যন্ত নিজেই বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিলেন অভিনেত্রী, তিন বছর আগের একটি সাক্ষাৎকারকে সাম্প্রতিক ঘটনার সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানো একেবারেই অনুচিত।

Leave a Reply