দিন যত এগোচ্ছে, ততই জোরালো হচ্ছে জীতু কমল ও সৃজলা দত্তের সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা। বিগ বস বাংলার ঘরে তাঁদের ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। বারবার সৃজলা দাবি করছেন, ঘরের বাইরে তাঁর একটি সম্পর্ক রয়েছে। অন্যদিকে, সেই কথা জানার পরেও সৃজলার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে পিছপা হচ্ছেন না জীতু। বিভিন্নভাবে তাঁকে নিজের মনের কথা বোঝানোর পাশাপাশি সম্পর্কের বিষয়ে ইতিবাচক উত্তর পাওয়ার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন অভিনেতা। তবে সৃজলার কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে কখনও রাগ, কখনও অভিমান, আবার কখনও কষ্ট প্রকাশ করতেও দেখা যাচ্ছে তাঁকে। শুক্রবারের প্রিভিউতেও ধরা পড়েছে সেই সম্পর্কের টানাপোড়েনের আরও কিছু ঝলক।
জীতু ও সৃজলার এই সমীকরণ নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। দর্শকদের একাংশের মতে, সৃজলার আরও আগেই জীতুর সঙ্গে স্পষ্টভাবে দূরত্ব তৈরি করা উচিত ছিল। কারণ, তিনি যদি জীতুকে ভালোবাসার জায়গা থেকে গ্রহণ করতে না পারেন, তাহলে বন্ধুত্বের আড়ালে ঘনিষ্ঠতা বজায় রাখা অভিনেতার মনে আরও প্রত্যাশা তৈরি করতে পারে। এবার কার্যত একই সুর শোনা গেল সদ্য বিগ বস বাংলা থেকে বিদায় নেওয়া অভিনেত্রী রণিতা দাসের কথাতেও।
সম্প্রতি নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে জীতু ও সৃজলার সম্পর্ক নিয়ে নিজের মতামত জানিয়েছেন রণিতা। তাঁর বক্তব্য, জীতু যখন সৃজলাকে পছন্দ করার কথা স্পষ্টভাবে জানাচ্ছেন, তখন সৃজলার উচিত নিজের অবস্থান পরিষ্কার করে দেওয়া। সাক্ষাৎকারে রণিতা বলেন, “জীতু ওকে পছন্দ করছে, তাতে সৃজলা কী উত্তর দিয়েছে? উইকেন্ড এপিসোডে দাদাই বলল, ‘হ্যাঁ করেনি’।”
এরপর বন্ধুত্ব ও ভালোবাসার প্রস্তাবের প্রসঙ্গ টেনে রণিতা বোঝান, কোনও ঘনিষ্ঠ বন্ধু যদি ভালোবাসার কথা জানায় এবং সেই অনুভূতির প্রতিদান দেওয়ার জায়গায় কেউ না থাকেন, তাহলে তাঁর সঙ্গে সম্পর্কের সীমারেখা স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। রণিতার কথায়, ভালোবাসার প্রস্তাব গ্রহণ করতে না পারলে বন্ধুকে বুঝিয়ে বলা উচিত যে কিছুটা দূরত্ব বজায় রাখাই দু’জনের জন্য ভালো। এতে পরবর্তী সময়ে অযথা কষ্ট পাওয়ার আশঙ্কা কমে।

সৃজলার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন রণিতা। তাঁর মতে, একদিকে জীতুর ভালোবাসার প্রস্তাবে সম্মতি না জানানো হচ্ছে, অন্যদিকে তাঁর মাথায় হাত বুলিয়ে দেওয়া, খাবার খাইয়ে দেওয়া কিংবা ঘনিষ্ঠভাবে সময় কাটানোর মতো আচরণও চলছে। এতে জীতুর মনে আরও আশা তৈরি হতে পারে। রণিতার প্রশ্ন, বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে গিয়ে সৃজলা কি আদৌ বুঝতে পারছেন, তাঁর এই আচরণ জীতুর মনে কী প্রভাব ফেলছে?
শুধু তাই নয়, একজন মহিলা হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী। রণিতার বক্তব্য, কাউকে ভালোবাসার অনুভূতি থেকে দেখার সঙ্গে শুধুমাত্র বন্ধুর চোখে দেখার মধ্যে পার্থক্য রয়েছে। তিনি বলেন, “আমরা জানি কাকে কী ফিল করাচ্ছি। আমি যাকে ভালোবাসি তার দিকে যেভাবে তাকাব, আর যাকে বন্ধু ভাবি তার দিকে যেভাবে তাকাব, দুটো সম্পূর্ণ আলাদা।”
এদিকে বিগ বস বাংলার দর্শকদের একাংশের মধ্যে সৃজলার উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন উঠছে। অনেকের ধারণা, জীতুকে পুরোপুরি দূরে সরিয়ে দিতে চাইছেন না অভিনেত্রী। কারণ, ঘরের ভিতরে বারবার নিজের বাইরের সম্পর্কের কথা বললেও জীতুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা থামছে না। অন্যদিকে, বিগ বসের বাড়িতে কখনও রাজবীর, কখনও দুর্নিবার, আবার বর্তমানে জীতুকে কেন্দ্র করে সৃজলাকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে।