Abhaya Memory Silence Observation: সরকারি উদ্যোগে এই প্রথমবার আরজি করের নির্যাতিতাকে স্মরণ করতে চলেছে রাজ্য। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ‘অভয়া’-র স্মরণে রবিবার রাজ্যের আওতাধীন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র-সহ সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে দু’মিনিটের নীরবতা পালন করা হবে। সকাল ১১ টা থেকে সকাল ১১ টা ২ মিনিটের মধ্যে নীরবতা পালন করতে হবে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। পাশাপাশি রবিবার পানিহাটিতে যে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন।
নির্যাতিতার নামে ট্রাস্টের ব্যানারে সেই কর্মসূচির আয়োজন
সূত্রের খবর, পানিহাটিতে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের নামে তৈরি করা ট্রাস্টের ব্যানারে সেই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানে থাকতে পারেন পানিহাটির বিধায়ক তথা নির্যাতিতার মা এবং পরিবারের সদস্যরা। সেই মঞ্চ থেকেই ট্রাস্টের ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে আভাস মিলতে পারে বলে সূত্রের খবর।
অভিশপ্ত ২০২৪ সালের ৯ অগস্ট
আর সেই কর্মসূচির আয়োজন করা হয়েছে ৯ অগস্ট – ২০২৪ সালের যে অভিশপ্ত দিনটায় সবকিছু শেষ হয়ে গিয়েছিল একটি পরিবারের। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছিল নির্যাতিতার দেহ। অভিযোগ উঠেছিল যে প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে উঠে এসেছিল ভয়াবহ ঘটনার বিষয়টি।

গণ-আন্দোলন- প্রতিবাদ, রাত দখল কর্মসূচি
সেই ঘটনার পরে উত্তাল হয়ে উঠেছিল পুরো পশ্চিমবঙ্গ। প্রতিবাদে সামিল হয়েছিল ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত। বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন মানুষ। গণ-আন্দোলনের রূপ নিয়েছিল। রাস্তায় নেমেছিলেন এমন অনেকে, যাঁরা হয়তো কোনওদিন ভাবতেও পারেননি যে কখনও কোনও আন্দোলনে শামিল হবেন। রাতদখল কর্মসূচিতে যোগ দিয়েছিলেন হাজার-হাজার, লাখ-লাখ মহিলা।
কেউ ভেবেছিলেন যে নিজের মেয়েকে হারিয়েছেন, কেউ ভেবেছিলেন যে নিজের দিদিকে হারিয়েছেন, কেউ ভেবেছিলেন যে নিজের বোনকে হারিয়েছেন, কেউ ভেবেছিলেন যে বন্ধুকে হারিয়েছিলেন। করেছিলেন আন্দোলন। তাঁর জন্য চেয়েছিলেন বিচার।