Assam Train Accident: Kolkata-Sairang Express 6 Coaches Derail
সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা অসমে। লাইনচ্যুত হল কলকাতা থেকে মিজোরামগামী কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুয়াহাটির কাছে (Assam Train Accident) ডিগারু রেল স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে খবর, ট্রেনটির ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইন থেকে ছিটকে যায়। অর্থাৎ মোট ছ’টি অংশ লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে খবর পাওয়া গিয়েছে। যদিও রেলের তরফে প্রথমে জানানো হয়েছিল, কোনও যাত্রী আহত হননি। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন যাত্রী চোট পেয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল ও রেলের আধিকারিকেরা।
রেল সূত্রে জানা গিয়েছে, ১৩১২৫ নম্বরের কলকাতা-সাইরাং এক্সপ্রেস বুধবার সকালে অসমের কামরূপ মেট্রোপলিটন জেলার ডিগারু স্টেশনে ঢুকছিল। অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ট্রেনটিকে স্টেশনে গ্রহণ করার সময় গতি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। তার জেরেই ঘটে দুর্ঘটনা। সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। তবে ঠিক কী কারণে চালক গতি নিয়ন্ত্রণ করতে পারলেন না, তা নিয়ে বিস্তারিত তদন্ত এখনও বাকি।
শিয়ালদা হেল্পলাইন নম্বর:
কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনায় শিয়ালদা স্টেশনের হেল্পলাইন নম্বর – ০৩৩-২৩৮৩ ৩৩২৬, ০৩৩-২৩৫০ ৯৬৪৩। আলিপুরদুয়ার জংশনের হেল্পডেস্ক নম্বর হল ৯০০২০৫২৯৫৭, ৯০৪৬২২৬৬৩৫, ০৩৫৬৪ ২৫৩৪৯৮(১০৭২), ০৩৫৬৪ ২৭০৮৭০ (১০৭২), ০৩৫৬৪ ২৭০৮৭১ (১০৭২), ০৩৫৬৪ ২৫২৪৯৮ (১০৭২)।
আহত একাধিক যাত্রী, মিলছে ভিন্ন তথ্য
দুর্ঘটনার পর হতাহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, সব যাত্রী নিরাপদ রয়েছেন। কারও আহত হওয়ার খবরও তাঁদের কাছে নেই বলে দাবি রেলের। কিন্তু অন্য দিকে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দুর্ঘটনার সময় (Assam Train Accident) বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। হাসপাতালের ছবিতেও কয়েকজনকে চিকিৎসা করাতে দেখা গিয়েছে। তাঁদের কারও হাতে, কারও পায়ে আঘাত লেগেছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Assam Train Accident: Kolkata-Sairang Express 6 Coaches Derail
দ্রুত উদ্ধারকাজ, বিকল্প ট্রেনের ব্যবস্থা
দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে রেল। ঘটনাস্থলে পাঠানো হয় উদ্ধারকারী ট্রেন। লাইন থেকে লাইনচ্যুত কামরা সরানো এবং রেল চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের অন্য ট্রেনে করে তাঁদের গন্তব্যে পাঠানো হবে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার বিবেক খারে এবং অন্যান্য পদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ তদারকি করছেন তাঁরা। দুর্ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। গুয়াহাটি-যোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেস-সহ কয়েকটি ট্রেনকে নিয়ন্ত্রণ করা হয়েছে।
কলকাতা ও মিজোরামের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ
কলকাতার চিৎপুর স্টেশন থেকে ছেড়ে সাইরাং পর্যন্ত যায় এই এক্সপ্রেস ট্রেন। মিজোরামের রাজধানী আইজলের কাছে সাইরাং স্টেশন। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে কলকাতার রেল যোগাযোগের ক্ষেত্রে এই ট্রেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে দুর্ঘটনার জেরে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি ওই রেলপথে পরিষেবা স্বাভাবিক রাখাও রেলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
Read More: National News | Offbeat | West Bengal
Follow Us on: YouTube