Bengal Low Pressure Rain Forecast: পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে জন্ম হল নয়া নিম্নচাপের। যা আগামী দু’দিনে আরও শক্তি বাড়াবে। আরও কাছে আসবে উপকূলের। ফলে ঝমঝমিয়ে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে গতকাল যে ঘূর্ণাবর্ত ছিল, সেটার প্রভাবে আজ ভোর ৫ টা ৩০ মিনিট নাগাদ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা আগামী ৪৮ ঘণ্টায় আরও সুস্পষ্ট হতে পারে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।’
বুধবার ৪ জেলায় কমলা সতর্কতা, আরও ৪টিতে ভারী বৃষ্টি
১) আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই চারটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
২) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
৩) আবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৪) তারইমধ্যে দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝোড়ো হাওয়া বইবে। ঝড়ের বেগ হবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। ঝড়ের জন্য প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার ৭ জেলায় ভারী বৃষ্টি, কোথায় জারি সতর্কতা?
১) বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
২) আবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
৩) সেইসবের মধ্যেই দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।