Bus Fare Hike in Bengal: বাসের ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই বেসরকারি বাসমালিকদের সঙ্গে বৈঠকের পরে তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর পরে সেই বিষয়টি নিয়ে রাজ্য সরকার ভাবনাচিন্তা করবে। তবে ভাড়া বাড়ানো হলে পরিষেবাও যে ভালো করতে হবে, তা স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন পরিবহণ মন্ত্রী।
ভাড়া বাড়ানো উচিত বলে মনে করেন পরিবহণ মন্ত্রী
তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাসের ভাড়া বাড়ানো হয়নি। সেই পরিস্থিতিতে বাসের ভাড়া আগেই বাড়ানো উচিত বলে মনে করা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুজোর আগে বাসভাড়া বাড়ানো হচ্ছে না। দুর্গাপুজোর পরে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের তরফে। কিন্তু এখন যা অবস্থা, তাতে আরও ভালো বাস পরিষেবার প্রয়োজন আছে। যাত্রীদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। সেটা প্রয়োজ্য হবে এসি বাস পরিষেবার ক্ষেত্রেও।
এমনিতে বর্তমানে সরকারি বাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়া পড়ে সাত টাকা। আর বেসরকারি বাসে উঠলে ১০ টাকা ভাড়া পড়ে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, সিটি সাবার্বান সার্ভিসেসের প্রতিনিধিদের উপস্থিতিতে পরিবহণ দফতরের ময়দান টেন্টে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস মালিক সংগঠনের প্রতিনিধি পিএন বসু জানিয়েছেন যে বাসের ন্যূনতম ভাড়া বাড়িয়ে ২০ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে।
ন্যূনতম বাসভাড়া ২০ টাকা করার দাবি উঠেছে
তিনি বলেছেন, ‘ভাড়া সংশোধন করা সময়ের চাহিদা হয়ে উঠেছে। বর্তমানে যে ভাড়ার তালিকা মেনে চলতে হচ্ছে, সেটা গত আট বছর ধরে অপরিবর্তিত আছে। ফলে আর্থিক দিক থেকে সেটা পোষাচ্ছে না। আপনি ২০২৬ সালে এসে ২০১৮ সালের ভাড়ায় চলতে পারেন না। তাই আপাতত প্রথম ধাপে পরিচালনগত ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা (ন্যূনতম ভাড়া) ২০ টাকা দাবি করছি।’

কত ভাড়া বাড়ানো হতে পারে, তা এখনও বলেনি রাজ্য
তবে একধাক্কায় ন্যূনতম ভাড়া দ্বিগুণ করা হবে, তা নিয়ে পরিবহণ মন্ত্রী কিছু জানাননি। পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস মালিক সংগঠনের প্রতিনিধির অবশ্য বক্তব্য, এখন লিটারপিছু ডিজেলের দাম ১০০ টাকার আশপাশে আসে। বেড়ে গিয়েছে রক্ষণাবেক্ষণের খরচ। সেই পরিস্থিতিতে বাস টিকিয়ে রাখতে অতটা ভাড়া বাড়ানো উচিত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস মালিক সংগঠনের প্রতিনিধি।