কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (পেনশনভোগী) ডিআর বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে। একইভাবে তিন শতাংশ ডিয়ারনেস রিলিফ বাড়ছে পেনশনভোগীদের।
বৈষ্ণব জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর বাড়িয়ে ৫৮ শতাংশ করা হচ্ছে। যা কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে। লাভবান হবেন ৪৯.২ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮.৭ লাখ পেনশনভোগী। সেজন্য প্রতি বছর কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বাড়তি ১০,০৮৪ কোটি টাকা বেরিয়ে যাবে।ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কত বাড়বে? ধরা যাক, কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বেসিক পে হল ৬০,০০০ টাকা। সেটার নিরিখে এতদিন তাঁর প্রাপ্ত ডিএয়ের পরিমাণ ৩৩,০০০ টাকা ছিল। এখন ডিএ বৃদ্ধির ফলে তাঁরা মহার্ঘ ভাতা বাবদ ৩৪,৮০০ টাকা পাবেন। অর্থাৎ প্রতি মাসে তাঁদের লাভ হবে ১,৮০০ টাকা। বছরের নিরিখে হিসেবে করলে ডিএ বাবদ আরও ২১,৮০০ টাকা বেশি পাবেন।যদিও অষ্টম বেতন কমিশন নিয়ে কিছু জানানো হয়নি। গত জানুয়ারিতেই অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু বেতন কমিশনে কারা কারা আছেন, তা এখনও জানানো হয়নি। যা নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে যথেষ্ট তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌও ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তো।

বিশেষজ্ঞদের ধারণা, অষ্টম বেতন কমিশন যখন কার্যকর হবে, তখন ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে ১.৮৩ থেকে ২.৮৬-র হতো। আর সেটার নিরিখে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে ১৩ শতাংশ থেকে ৩৪ শতাংশের মধ্যে। যদিও বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি।