Gambhir on dropping Sooryavanshi: বৈভব সূর্যবংশীকে প্রথম একাদশে না রাখা নিয়ে সমালোচকদের একহাত নিলেন গৌতম গম্ভীর। আজ হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের আগে সরকারি সম্প্রচারকারী সংস্থায় ভারতীয় দলের হেড কোচ বলেন, ‘প্রথমত, সবাইকে খুশি করা আমার কাজ নয়। আমার কাজ হল সঠিক সিদ্ধান্ত নেওয়া, জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া (আমার কাজ নয়)। আর সেই কারণেই আমি এখানে আছি। জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ কাজ। কিন্তু আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হল সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর এটা নিশ্চিত করা যে ড্রেসিংরুমের মধ্যে (মানসিক) সুরক্ষা বজায় থাকা।’
অভিষেক, ইশান, সঞ্জুদের সঙ্গে অবিচার করা হবে?
এমনিতে ভারতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হতে পারেননি বৈভব। বিশেষজ্ঞদের প্রশ্ন, বৈভবকে প্রথম একাদশে নিয়মিত খেলানোর দাবি তোলা হলেও বাস্তবে সেটা অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন বা ইশান কিষানদের কীভাবে বাদ দেওয়া সম্ভব? কাউকে একজন বাদ দিলে তাঁদের সঙ্গে অবিচার করা হবে।
ওই মহলের মতে, তিনজনই ভারতীয় ব্যাটিং লাইন-আপের স্তম্ভ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের ক্ষেত্রে তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বৈভবকে খেলানোর জন্য তাঁদের বাদ দেওয়া উচিত হবে না। এই যে ইশান চোট পেয়েছিলেন, সেইসময় বৈভব দলে ঢুকেছিলেন, সেটা ঠিক আছে। কিন্তু ভারতীয় উইকেটকিপার আবার ফিট হয়ে গেলে স্বভাবতই প্রথম একাদশে তাঁরই সুযোগ পাওয়ার কথা। নাহলে তো দলের অনিশ্চয়তার পরিবেশ তৈরি হবে।

‘বৈভব বিরল প্রতিভা’, যুক্তি অনেকের
যদিও অনেকে আবার ভিন্নমতও পোষণ করেছেন। তাঁদের মতে, বৈভব বিরল প্রতিভা। ফলে তাঁকে অহেতুক দলের সঙ্গে স্রেফ ঘুরিয়ে লাভ নেই। তাঁকে খেলানো উচিত। আর ওপেনিংয়েই খেলানোর দাবি তোলা হয়েছে ওই মহলের তরফে। গম্ভীর-সহ ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমালোচনাও করেছেন তাঁরা।
সমালোচকদের পাত্তা দিতে নারাজ গম্ভীর
গম্ভীর অবশ্য সেই সমালোচকদের কথায় কান দিচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে অনেকরকম কথা বলবেন। অনেক আলোচনা চলবে। ভিন্নরকম মতামত উঠে আসবে। কিন্তু সেই বাইরের জগতে কী ঘটছে, সেটা মাথায় না নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই তাঁর কাজ বলে জানিয়েছেন ভারতীয় দলের হেড কোচ।
তিনি জানিয়েছেন, যে খেলোয়াড়দের প্রতিভা আছে, তাঁদের কিছুটা বেশি সুযোগ পাওয়া উচিত। গম্ভীরের কথায়, ‘আমার মনে হয়, যারা দীর্ঘদিন ধরে অসাধারণ ভালো খেলেছে, স্বাভাবিকভাবেই তারা আরও কিছুটা সময় পাওয়ার যোগ্য। আর এই সিরিজের ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক এটাই।’