Helicopter crash। সম্প্রচার চলাকালীন দুর্ঘটনাস্থলে ভেঙে পড়ল হেলিকপ্টার! লস অ্যাঞ্জেলেসে নিহত ৩

Spread the love

Chatsworth helicopter crash: মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাস দুর্ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারের সময় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে চ্যাটসওয়ার্থ এলাকার লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ার পরই এতে আগুন ধরে যায়। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, ঘটনাস্থলে চারজনকে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্য একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। হেলিকপ্টারটি এনবিসি লস অ্যাঞ্জেলেসের (কেএনবিসি-টিভি) মালিকানাধীন। এর আগে চ্যাটসওর্থ এলাকায় একটি বড় বাস দুর্ঘটনার খবর সংগ্রহ করতে সেটি ঘটনাস্থলে গিয়েছিল। ওই বাস দুর্ঘটনায় অন্তত দু’জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৬ জন। সেখান থেকে সরাসরি সম্প্রচারের সময়ই হেলিকপ্টারটি ভেঙে পড়ে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

অন্যদিকে, স্থানীয় প্রচারমাধ্যম ‘এনবিসি লস অ্যাঞ্জেলেস’ নিশ্চিত করেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নিজস্ব সম্প্রচার কেন্দ্র এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪।’ এক আবেগঘন লাইভ সম্প্রচারে এনবিসি৪-এর সিনিয়র সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমরা জানতাম এটি একটি নিউজ হেলিকপ্টার ছিল এবং আমাদের দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আমরা মাত্র দুঃসংবাদটি পেয়েছি।’

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) একজন মুখপাত্র জানিয়েছেন, লারলাইন অ্যাভিনিউ এবং নর্ডহফ স্ট্রিটের কাছে দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার বর্তমান অবস্থা এখনও জানা যায়নি। হেলিকপ্টারটি ভেঙে পড়ার পরপরই দুটি শিপিং কনটেইনার এবং একাধিক যানবাহনে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলএএফডি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত করবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান সংবাদমাধ্যমকে জানান, হেলিকপ্টারটি ভেঙে পড়ার সময় একজন ব্যক্তি বাইরে ছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তিনি আরও জানান, হেলিকপ্টারের ভেতরে কতজন ছিলেন এবং দুর্ঘটনায় মোট কতজন হতাহত হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *