সম্প্রতি রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মিথ্যা দাবি করেছিলেন যে ভারতীয় বায়ুসেনার ৭টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল অপারেশন সিঁদুরে। তবে ভারতীয় বায়ুসেনা শুক্রবার ফের একবার সত্যিটা তুলে ধরল। বায়ুসেনা প্রধান স্পষ্ট করলেন, মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করেছিল লড়াইয়ের সময়। ৯৩তম বায়ুসেনা দিবস উদযাপনের সময় নিজের বক্তব্যে এই কথা বলেন এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং। পাঁচটি বিমান ছাড়াও একটি বড় এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (এইডব্লিউএন্ডসি) বা আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফটও ধ্বংস হয়েছে বলে জানান তিনি। এরই সঙ্গে এয়ার চিফ মার্শাল আরও বলেন, পাকিস্তানের শাহবাজ জ্যাকোবাবাদ বিমানঘাঁটিতে এফ১৬ যুদ্ধবিমানের অর্ধেক হ্যাঙ্গার ‘ধ্বংস হয়ে গিয়েছে’ এবং সেখানে ভিতরে থাকা কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে
তিনি আজ জানান, পাকিস্তানের এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণির যুদ্ধবিমান সহ পাঁচটি জেট ভারত ধ্বংস করেছিল লড়াইয়ের সময়। এয়ার চিফ মার্শাল আরও জানান, পাকিস্তানের বেশ কয়েকটি বিমানঘাঁটি এবং স্থাপনায় হামলা চালিয়েছিল ভারত। এর ফলে পাকিস্তানের রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, হ্যাঙ্গার এবং রানওয়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এপি সিং বলেন, ‘আমাদের কাছে একটি সি-১৩০ শ্রেণির বিমানের ধ্বংসাবশেষের চিহ্ন রয়েছে … এবং কমপক্ষে ৪ থেকে ৫টি যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছিল। এছাড়া পাক ঘাঁটিতে হামলার সময় সম্ভবত এফ-১৬ যুদ্ধবিমানও ধ্বংস হয়েছিল, কারণ সেই হ্যাঙ্গারে এফ-১৬ বিমানের রক্ষণাবেক্ষণ চলছিল।
বায়ুসেনা প্রধান আরও বলেন, ‘আমাদের কাছে একটি দীর্ঘ পাল্লার হামলার স্পষ্ট প্রমাণ রয়েছে। ৩০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে একটি AEW&C বা একটি SIGINT বিমান ধ্বংস করেছিলাম আমরা।’ এয়ার চিফ মার্শাল বলেন, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে যুদ্ধবিমানগুলি গুলি করে নামানো হয়েছিল। এদিকে ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হওয়ার মিথ্যা দাবির জন্য পাকিস্তানকে উপহাস করেন তিনি। শেহবাজের বক্তব্যকে ‘আকর্ষণীয় গল্প’ বলে আখ্যা দেন এয়ার চিফ মার্শাল।
