এবারের বিশ্বকাপে প্রথমবার ব্যাট হাতে দাপট দেখালেন স্মৃতি মন্ধানা। মাত্র ২০ জনের জন্য শতরান হাতছাড়া করলেও ইতিহাস গড়ে ফেললেন ভারতের তারকা। প্রথম ভারতীয় হিসেবে মহিলা একদিনের ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে ১,০০০ রানের গণ্ডি পার করলেন। ২০২৫ সালে ১৮টি ইনিংসে ১,০৬২ রান করেছেন। গড় হল ৫৯। দ্বিতীয় স্থানে আছেন বেলিন্ডা ক্লার্ক (১৯৯৭ সালে ১৪ ইনিংসে ৯৭০ রান)।
শুধু তাই নয়, রবিবার একদিনের ক্রিকেটে ৫,০০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন স্মৃতি। দ্বিতীয় ভারতীয় হিসেবে সেই নজির গড়েছেন ২৯ বছরের তারকা ওপেনার। প্রথম ভারতীয় হিসেবে সেই নজির গড়েছিলেন মিতালী রাজ। সার্বিকভাবে পঞ্চম ক্রিকেটার হিসেবে মহিলাদের একদিনের ক্রিকেটে ৫,০০০ রান করে ফেললেন স্মৃতি। স্মৃতির আগে যে চারজন ৫,০০০ রান করেছেন একদিনের ক্রিকেটে, তাঁদের থেকে কম ইনিংসেই সেই নজির গড়লেন ভারতীয় ওপেনার। ১১২টি ইনিংসেই ৫,০০০ রানের গণ্ডি পার করে ফেলেছেন। লেগেছে ৫,৫৬৯টি বল। ইনিংসের নিরিখে দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর (১২৯টি ইনিংস)। আর বলের নিরিখে দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সুজি বেটস (৬,১৮২টি বল)।
কনিষ্ঠতম হিসেবেও একদিনের ক্রিকেটে ৫,০০০ রান পূরণ করেছেন স্মৃতি। যিনি রবিবার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৬ বলে ৮০ রান করেন। আজকের পর্যন্ত এবারের বিশ্বকাপে তেমন ছন্দে ছিলেন না স্মৃতি। শুরুটা ঠিকঠাক করছিলেন। কিন্তু তারপর আউট হয়ে যাচ্ছিলেন। আজ ৮০ রান করলেও বড় একটা সেঞ্চুরি মাঠে আসায় হতাশ হবেন বাঁ-হাতি তারকা।

রবিবার স্মৃতির ইনিংস সাজানো ছিল ন’টি চার এব তিনটি ছক্কায়। স্ট্রাইক রেট ছিল ১২১.২১। প্রতিকা রাওয়ালের সঙ্গে প্রথম উইকেটের জুটিতে ২৪.৩ ওভারে ১৫৫ রান যোগ করেন। পরবর্তীতে ৪৪ তম ওভারেই ৩০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। ২২ বলে ৩২ রান করেন রিচা ঘোষ। ২১ বলে ৩৩ রান করেন জেমিমা রদ্রিগেজ।