Indian Company in US Sanction List। মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে ভারতের কূটনীতির প্রশংসায় হায়দরাবাদের সংস্থা

Spread the love

Indian Company in US Sanction List: মার্কিন নিষেধাজ্ঞার তালিকা (OFAC-SDN List) থেকে নাম সরিয়ে নেওয়া হল ভারতীয় প্রতিরক্ষা ও প্রযুক্তি সংস্থা আরআরজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস লিমিটেড (RRG Engineering Technologies Limited)-এর। সংস্থা জানিয়েছে, মার্কিন অর্থ মন্ত্রকের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC)-এর পুনর্বিবেচনা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে এই সাফল্যের জন্য ভারতের বিদেশ মন্ত্রক (MEA)-এর সহযোগিতার ভূয়সী প্রশংসা করেছে সংস্থা।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে আরআরজি ইঞ্জিনিয়ারিং জানিয়েছে, মার্কিন সরকারের স্পেশালি ডিজিগনেটেড ন্যাশনালস (SDN) অ্যান্ড ব্লকড পার্সনস লিস্ট থেকে নাম বাদ পড়ায় সংস্থার সামনে আবারও মার্কিন সংস্থা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আইনসঙ্গতভাবে ব্যবসা করার পথ খুলে গেল। এর ফলে সংস্থার আন্তর্জাতিক বাণিজ্যিক কর্মকাণ্ড নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সংস্থার দাবি, এই সিদ্ধান্ত তাদের আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতি। OFAC-এর পুনর্বিবেচনা প্রক্রিয়ায় RRG সমস্ত প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিয়েছে এবং মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। ভবিষ্যতের সমস্ত আন্তর্জাতিক লেনদেন যাতে বৈশ্বিক নিয়ন্ত্রক মানদণ্ড মেনে হয়, সে বিষয়েও সংস্থা প্রয়োজনীয় নিশ্চয়তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে ভারতের বিদেশ মন্ত্রকের ভূমিকার উল্লেখ করা হয়েছে। RRG জানিয়েছে, পুনর্বিবেচনা প্রক্রিয়ার পুরো সময়জুড়ে বিদেশ মন্ত্রক সংস্থার পাশে থেকেছে এবং সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সংস্থার বক্তব্য, এই সহযোগিতা প্রমাণ করে যে আন্তর্জাতিক বাজারে বৈধভাবে ব্যবসা করা ভারতীয় সংস্থাগুলির পাশে দাঁড়াতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

RRG আরও জানিয়েছে, ভবিষ্যতে আন্তর্জাতিক নিয়মকানুন আরও কঠোরভাবে মেনে চলার জন্য ইতিমধ্যেই একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালু করা হয়েছে। কর্মীদের আন্তর্জাতিক রপ্তানি নিয়ন্ত্রণ এবং মার্কিন আইন, যেমন EAR, OFAC-SDN এবং ITAR-সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ভবিষ্যতের প্রতিটি লেনদেন সম্ভাব্য ঝুঁকির নিরিখে খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে।

আরআরজি গ্রুপের চেয়ারম্যান জিএম রঙ্গা রাও এক বিবৃতিতে বলেন, ‘OFAC-এর এই ডি-লিস্টিং সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। পুনর্বিবেচনা প্রক্রিয়াটি অত্যন্ত পেশাদার ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। একইসঙ্গে আমরা ভবিষ্যতেও আন্তর্জাতিক ব্যবসায় সর্বোচ্চ মান বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’

সংস্থার মতে, এমন সময় এই সিদ্ধান্ত এসেছে যখন বিশ্ববাজারে ভারতীয় পণ্য ও পরিষেবার চাহিদা দ্রুত বাড়ছে। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় RRG আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে এবং বিশ্ববাজারে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করার সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *