ব্রিটেনের পশ্চিম লন্ডনের সাউথহলে ছুরিকাঘাতে নিহত হলেন ২৬ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত যুবক গুরভেজ সিং। শনিবার এ তথ্য জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের কর্মীরা। সেখানে দু’জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
তাদের মধ্যে গুরভেজ সিং গুরুতরভাবে জখম হয়েছিলেন। চিকিৎসাকর্মীরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপর এক আহত ব্যক্তি, যার বয়স তিরিশের কোঠায় বলে মনে করা হচ্ছে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নর্থ রোড ও ডর্মার্স ওয়েলস লেনের মোড়ে একটি দোকানের বাইরে গুরভেজ সিংয়ের উপর হামলা চালানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকেই ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়সি সাতজনকে খুনের সন্দেহে গ্রেফতার করে।
তবে পরবর্তী তদন্তের পর ছয়জনকে কোনও পদক্ষেপ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে। অপর এক অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর অ্যালিসন ফক্সওয়েল বলেন, ‘গুরভেজ সিংয়ের মর্মান্তিক মৃত্যুর তদন্ত এখনও চলছে। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইল। আমরা বিশ্বাস করি, রাত সাড়ে ১২টা নাগাদ ওই দোকানের বাইরে তাঁর উপর হামলা চালানো হয়েছিল। ঘটনার সময় এলাকায় উপস্থিত ছিলেন বা কারও কাছে সিসিটিভি ফুটেজ থাকলে তাঁরা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।’ এদিকে গুরভেজ সিংয়ের মরদেহ ভারতে ফিরিয়ে আনা, প্রয়োজনীয় নথিপত্র, পরিবহণ খরচ, শেষকৃত্য এবং অন্যান্য ব্যয়ভার মেটাতে একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে ৭৩৭ জনের অনুদানে ১১,১১৪ ইউরো সংগ্রহ হয়েছে। লক্ষ্য ধরা হয়েছে ১৬,০০০ ইউরো।
