JCB Activity Near Amarnath | শেষনাগ হ্রদের কাছে জেসিবি! অমরনাথ যাত্রার পথে খননকাজ ঘিরে বিতর্ক

Spread the love

 

JCB Activity Near Amarnath:

অমরনাথ যাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ পথের পাশে অবস্থিত জম্মু ও কাশ্মীরের বিখ্যাত শেষনাগ হ্রদ। আর সেই হ্রদের কাছেই জেসিবি দিয়ে কাজ করার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। প্রাকৃতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এই এলাকায় কী ধরনের কাজ চলছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। বিষয়টি ঘিরে সরগরম জম্মু ও কাশ্মীরের রাজনীতি। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেও মাঝপথ থেকে ফিরে আসতে বাধ্য হন পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। অন্যদিকে, বিতর্কের মুখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)।

ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে সোমবার বিআরও-র তরফে জানানো হয়েছে, শেষনাগ হ্রদের কাছে জেসিবি দিয়ে কাজ অমরনাথ যাত্রা পরবর্তী পরিকাঠামোগত কার্যকলাপের অংশ (JCB Activity Near Amarnath)। সংস্থার দাবি, সমস্ত প্রযোজ্য সুরক্ষাবিধি এবং পরিবেশ সংক্রান্ত সতর্কতা মেনেই এই কাজ করা হচ্ছে।

 

বিআরও জানিয়েছে, আগের বছরগুলিতে অমরনাথ যাত্রার সময় তীর্থযাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে যে সমস্যাগুলি সামনে এসেছিল, সেগুলি মাথায় রেখেই বিদ্যমান রাস্তা ও ট্র্যাক প্রশস্ত এবং আরও মজবুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য, তীর্থযাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি যাতায়াত আরও নিরাপদ করা। সংস্থার দাবি, কাজ সম্পূর্ণভাবে আগে থেকে থাকা রাস্তা ও ট্র্যাকের মধ্যেই সীমাবদ্ধ। এলাকায় নতুন করে নির্মাণকাজ চলছে বলে সোশ্যাল মিডিয়ায় যে দাবি ছড়িয়েছে, তাকেও অসত্য বলে জানিয়েছে বিআরও।

এদিকে, মঙ্গলবার শেষনাগ হ্রদের (Sheshnag Lake) পরিস্থিতি দেখতে পাহালগাঁওয়ের চন্দনওয়ারিতে পৌঁছন মেহবুবা মুফতি। সেখান থেকে হ্রদের দিকে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাঁকে মাঝপথেই আটকে দেয় এবং সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

 

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মেহবুবা বলেন, অমরনাথ (Amarnath) গুহার কাছে জেসিবির উপস্থিতি যথেষ্ট চিন্তার বিষয়। তাঁর কথায়, অমরনাথ যাত্রা কোনও একটি সম্প্রদায়ের নয়, বরং এটি সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। তাঁর অভিযোগ, উন্নয়ন এবং যাত্রার পরিকাঠামো উন্নত করার অজুহাতে পরিবেশের ক্ষতি করা হচ্ছে।

JCB Activity Near Amarnath | Sheshnag Lake
JCB Activity Near Amarnath | Sheshnag Lake

 

মেহবুবা আরও বলেন, হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শেষনাগ হ্রদের সঙ্গে ভগবান শিবের পৌরাণিক কাহিনি জড়িয়ে রয়েছে। তাঁর বক্তব্য, বিষয়টি শুধুমাত্র কাশ্মীরের নয়, বরং গোটা পরিবেশের সঙ্গে সম্পর্কিত। কারণ, হিমবাহ ও পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে অমরনাথ গুহায় প্রাকৃতিকভাবে শিবলিঙ্গ গঠনের প্রক্রিয়াও প্রভাবিত হতে পারে।

এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মিয়া আলতাফ আহমেদও। তাঁর বক্তব্য, কাশ্মীরের হ্রদ, নদী এবং বনভূমি যে কোনও মূল্যে সংরক্ষণ করতে হবে। প্রাকৃতিক সম্পদ রক্ষা করা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।

 

কাশ্মীরের প্রধান ধর্মগুরু মীরওয়াইজ উমর ফারুকও শেষনাগ হ্রদের কাছে ভারী যন্ত্রপাতি ব্যবহারের দৃশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের কাশ্মীর বরাবরই স্বাগত জানিয়েছে। তাঁদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি কিংবা প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের বিরোধিতা কেউ করছেন না। তবে সেই কাজ করতে গিয়ে ভঙ্গুর প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করা উচিত নয়।

প্রসঙ্গত, প্রায় ৩,৫৯০ মিটার উচ্চতায় অবস্থিত শেষনাগ হ্রদ পরিবেশগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। জম্মু ও কাশ্মীরের ১৪টি উচ্চঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদের তালিকাতেও রয়েছে এই জলাশয়। ফলে হ্রদের কাছাকাছি ভারী যন্ত্রপাতি ব্যবহারের ছবি প্রকাশ্যে আসতেই পরিবেশের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া জেসিবির ভিডিওটি প্রথমে এক এক্সকাভেটর চালক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। পরে অবশ্য সেটি মুছে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে ভিডিওটি ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে। এখন প্রশ্ন, অমরনাথ যাত্রার পরিকাঠামো উন্নয়ন এবং শেষনাগ হ্রদের মতো সংবেদনশীল প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখা হবে?

 

Read More: National News | Politics
Follow Us on: YouTube

Leave a Reply