Mamata Banerjee।’কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার…’ ডবল সেঞ্চুরি পার! জয় নিয়ে প্রত্যয়ী মমতা-অভিষেকের

Spread the love

২০০-র বেশি আসন জিতে ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটগণনার আগে শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে কালীঘাট থেকে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেন দলের সমস্ত প্রার্থী এবং গুরুত্বপূর্ণ নেতারাও।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৈঠকে দলের কর্মীদের উদ্দেশে মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তাঁরা এ-ও জানান যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল। তৃণমূল সূত্রে খবর, বুথফেরত সমীক্ষা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেকও। তিনি জানান, বিজেপিও সরকার গঠনের আশা করছে না। তিনি এ-ও জানান যে, ভুয়ো সমীক্ষা দেখিয়ে বিজেপি কী ভাবে আর্থিক জালিয়াতি করেছে, তা তুলে ধরেছেন তৃণমূল নেত্রী। দলের সম্ভাব্য ফলের ভবিষ্যদ্বাণী করে তৃণমূলের ‘সেনাপতি’ দাবি করেন, ২০২১-এর থেকে ভালো ফল করবে তৃণমূল।

সূত্রের খবর, বৈঠকের শুরুতেই তৃণমূল নেত্রী, ‘নিরলস লড়াই’য়ের জন্য সমস্ত দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। ভোটে যারা কেন্দ্রীয় বাহিনীর হাতে নৃশংসভাবে অত্যাচারিত হয়েছেন তাদের দল পুরস্কৃত করবেন বলে বার্তা দিয়েছেন। এই বৈঠকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় একই সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের ভয় দেখাতে চেয়েছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ও শিশুদের মারধর এবং হেনস্থা করার অভিযোগও তোলেন তিনি। তৃণমূল সূত্রে এ-ও জানা গিয়েছে যে, ভোটগণনা নিয়ে কাউন্টিং এজেন্টদের একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মমতা-অভিষেক। গণনাকেন্দ্রের প্রতিটি মুহূর্তের খবর দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়েছে। কোনও কেন্দ্রে খুব অল্প ব্যবধানে বিজেপি এগিয়ে থাকলে পুনর্গণনার আর্জি জানাতে বলা হয়েছে। সোমবার, গণনার দিন এজেন্টদের ভোরবেলা গণনাকেন্দ্রে পৌঁছে যেতে বলা হয়েছে। গণনা শেষ হওয়া না-পর্যন্ত বাইরে না-বেরোনোর নির্দেশও দেওয়া হয়েছে। তৃণমূল শীর্ষ নেতৃত্বের এ-ও নির্দেশ যে, দলবদ্ধ ভাবে গণনাকেন্দ্রে যেতে হবে। বিজয়ী প্রার্থী শংসাপত্র পাওয়ার পর দলবদ্ধ ভাবেই বেরোতে হবে এজেন্টদের। গণনা প্রক্রিয়ার উপর নজর রাখতে জেলাওয়াড়ি পর্যবেক্ষক নিয়োগ করেছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *