ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নাকি পাকিস্তান সুপার লিগ (পিএসএল)? বিদেশি ক্রিকেটারদের পছন্দের তালিকায় কোনটি এগিয়ে, তা নিয়ে অধিকাংশ মানুষের কাছেই স্পষ্ট জবাব রয়েছে। সেটার প্রতিচ্ছবি দেখা গিয়েছে আইপিএলে সুযোগ পেলেই বিদেশি খেলোয়াড়দের পিএসএলের দল ছেড়ে দেওয়ার একের পর এক ঘটনায়। সম্প্রতি পিএসএল শুরু হওয়ার ঠিক আগে একের পর এক বিদেশি ক্রিকেটারের টুর্নামেন্ট ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। একের পর এক তারকা ক্রিকেটারদের ‘পিএসএল ছুট’ হওয়ার ঘটনায় এবার কঠোর আইনি পদক্ষেপ ও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ঘটনাটি শুরু হয় জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দিয়ে। তিনি ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দেন। এরপর নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক দাসুন শানাকা। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার কথা থাকলেও তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে চোট পাওয়া স্যাম কারানের বিকল্প হিসেবে যোগ দিয়েছেন।
মহসিন নকভির কড়া হুঁশিয়ারি
লাহোরে আয়োজিত এক সাংবাদিট বৈঠক মহসিন নকভি নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমরা এই খেলোয়াড়দের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব। গত বছরও করবিন বস এমনটা করেছিলেন এবং তাঁকে এক বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবারও তার ব্যতিক্রম হবে না।’ নকভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনও খেলোয়াড় যদি শেষমুহূর্তে চুক্তিভঙ্গ করে অন্য লিগে চলে যান, তবে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিনিয়োগকারী ও ফ্র্যাঞ্চাইজিদের উদ্বেগ
বিদেশি ক্রিকেটারদের এই আচরণে ফ্র্যাঞ্চাইজি মালিকরাও বেশ বিরক্ত বলে দাবি করা হয়েছে। তারা মনে করছেন, শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়ে দলগুলো ভারসাম্যহীন হয়ে পড়ছে। এর ফলে টুর্নামেন্টের মান এবং দর্শক আকর্ষণ কমতে পারে। তবে নকভি আশ্বস্ত করেছেন যে, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্নাস ল্যাবুশেনের মতো ‘এ’ ক্যাটেগরির খেলোয়াড়রা আসার কারণে টুর্নামেন্টের গ্ল্যামার কমবে না। তবে আসল ব্যাপার হল যে তাঁরা কেউ আইপিএলে দল পাননি।

আইপিএলের সঙ্গে সংঘাত
টানা দ্বিতীয় বছরের মতো পিএসএল এবং আইপিএলের সময়সূচি প্রায় একই সময়ে পড়েছে। আগামী ২৬ মার্চ থেকে পিএসএল শুরু হওয়ার কথা আছে। তার মাত্র দুদিন পরেই শুরু হচ্ছে আইপিএলের মেগা আসর। সূচির এই সংঘাত নিয়ে নকভি বলেন, ‘আইপিএলের সঙ্গে সময়ের সংঘাত কোনও বড় সমস্যা নয়। কারণ অনেক ভালো মানের আন্তর্জাতিক ক্রিকেটার পাকিস্তানে আসছেন। তবে আমরা পিএসএল পিছিয়ে দিতে পারি না, কারণ সারা বছরে আমাদের কাছে আর কোনও ফাঁকা সময় (উইন্ডো) নেই।’