জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এবার বাংলার ঝুলি অনেকটাই খালি। দক্ষিণী ও হিন্দি ছবির ভিড়ে এবার বাংলার প্রতিনিধি হিসাবে রয়েছে তিন খুদে- ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপোময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী।। মঙ্গলবার, গুজরাতের কেভাডিয়ায় (একতা নগর) আয়োজিত ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতির হাত থেকে সেরা শিশুশিল্পীর সম্মান গ্রহণ করবেন তাঁরা। সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কী কঠিন ছবির জন্য এই সম্মান ছিনিয়ে নিয়েছে তাঁরা। নাম ঘোষণা হয়েছে আগেই, এদিন পুরস্কার গ্রহণের পালা।
পুরস্কারের রেড কার্পেটে ঋদ্ধিমান ও তপোময়ের দেখা মিলল একদম বাঙালি বাবুর বেশে। সুতোর কাজ করা পাঞ্জাবিতে ঝলমলে দুই খুদে। বলিউডের ‘ভাইজান’ সলমন খানের সুপারহিট সংলাপে মাতিয়ে দিলেন রেড কার্পেট! সেরা শিশু শিল্পী (Best Child Artist) হিসেবে জাতীয় পুরস্কার বিজয়ী এই দুই খুদে অভিনেতা রেড কার্পেটে ক্যামেরার সামনে দাঁড়াতেই এক অন্য মেজাজে ধরা দেয়। সলমন খানের ব্লকবাস্টার ছবি ‘ওয়ান্টেড’-এর আইকনিক সংলাপ— ‘এক বার যো মেঁইনে প্রতিশ্রুতি দি দি, তো উসকে বাদ তো মেঁই আপনে আপ কি ভি নহী সুনতা’ হুবহু রিক্রিয়েট করে শোরগোল ফেলে দেয় তারা!
তপোময় বলেন, ‘আমার এটা স্বপ্ন ছিল, আজ সেটা পূরণ হয়ে গেল।’ সুর মিলিয়ে ঋদ্ধিমান বলেন, ‘আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না। আমি গর্বিত এই সম্মান পেয়ে। আমার পরিবারও খুব খুশি’। তপোময় নিজের ছবি থেকে সংলাপ শোনান। তবে ঋদ্ধিমান বললেন ভাইজানের হিট ডায়লগ। অভিনয়ের পাশাপাশি বড় হয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখেন এই খুদে।

জাতীয় পুরস্কারে ‘অঙ্ক কী কঠিন’-এর বাজিমাৎ: ‘অঙ্ক কী কঠিন’ ছবিতে বস্তির তিন বন্ধুর স্বপ্ন ও লড়াইয়ের গল্প ফুটিয়ে তুলে নজর কেড়েছিল এই দুই খুদে তারকা।খুদেদের এই প্রাণবন্ত উপস্থিতি আর বলিউড ডায়লগের ধামাকা প্রমাণ করে দিল— জাতীয় পুরস্কার পেয়েও টলিউডের নতুন প্রজন্মের এনার্জি একবিন্দু কমেনি! এরপ পাশাপাশি এই বার সেরা বাংলা ছবির সম্মান কুড়িয়েছে অঞ্জন দত্তর ‘চালচিত্র এখন’।