Pakistan। হুথি কাণ্ডের মাঝে মক্কা প্যাক্ট নিয়ে মহা-চাপে পাকিস্তান?

Spread the love

মক্কা প্যাক্টের বয়স একমাস পেরিয়েছে সবে। এরই মাঝে সৌদিতে হুথি হামলার প্রেক্ষাপটে এই চুক্তি ঘিরে পাকিস্তানের তরফে এক এক দিন, এক এক রকমের বার্তা উঠে আসছে! এই প্রতিরক্ষা চুক্তি বলছে, চুক্তিতে থাকা তিন দেশ, অর্থাৎ পাকিস্তান, সৌদি আরব, তুরস্কে বাকি কোনও বাইরের শক্তি হামলা করলে, তা এই তিন দেশের ওপর হামলার শামিল বলে মনে করা হবে। এদিকে, সৌদিতে হুথি আক্রমণের মাঝে চুক্তি ঘিরে ব্যাকফুটে চলে গিয়েছে পাকিস্তান। পরিস্থিতি এমনই দিকে গিয়েছে যে, রিপোর্ট দাবি করছে, সৌদি, কট্টর বিপক্ষ শিবির ইজরায়েলেরও সঙ্গে কথা বলেছে হুথি হানা নিয়ে। প্রসঙ্গত, ইয়েমেনের হুথিদের সঙ্গে লড়ছে ইজরায়েলও। এমন এক জটিল সমীকরণের মাঝে, মক্কা প্যাক্ট নিয়ে ফের মুখ খুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।

সদ্য সৌদিতে পবিত্র শহর মক্কার কাছে হামলার চেষ্টা হয় বলে খবর। ঘটনার তীব্র নিন্দা আসে ভারত সহ বিভিন্ন দেশ থেকে। এই হামলা হুথিরা চালিয়েছে বলে দাবি করে সৌদি। ইরান সমর্থিত হুথিরা সেই দাবি নস্যাৎ করে। এদিকে, ইরানের প্রতিবেশী পাকিস্তান এই হামলার চেষ্টার নিন্দা জানিয়ে যে বার্তা দিয়েছে, তাতে হুথিদের উল্লেখ কোথাও নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘মক্কা আল-মুকাররমাহর পবিত্র স্থানে ড্রোন হামলার যে কাপুরুষোচিত ও জঘন্য প্রচেষ্টা চালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এই ন্যক্কারজনক ঘটনায় পাকিস্তানের জনগণ ব্যথিত ও উদ্বিগ্ন। এই নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য ঘটনায় আমরা যে গভীর যন্ত্রণা ও শোক অনুভব করছি।’ তাঁর পোস্টে সৌদির আর্মড ফোর্সের প্রশংসা তিনি করলেও, হুথি প্রসঙ্গ তোলেননি। এর আগে, যখন হুথিদের হামলা সৌদিতে শুরু হয়, তখন পাকিস্তানের বিদেশমন্ত্রকের কাছে প্রশ্ন ছিল, এই পরিস্থিতিতে মক্কা প্যাক্ট অনুসারে কি, সৌদির পাশে দাঁড়াবে পাকিস্তান? তখন পাকিস্তানের বিদেশমন্ত্রক বলেছিল,‘ আপাতত এমন কোনও বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। সময় হলে আমরা চুক্তির আওতায় পদক্ষেপ নেব।’ পাকিস্তানি শেহবাজ সরকারের বিদেশমন্ত্রক সাফ জানায়, ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি হল প্রতিরোধ-কেন্দ্রিক একটি প্রতিরক্ষামূলক জোট।’ সেই শেহবাজ সরকারেরই প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এদিন মক্কা প্যাক্ট নিয়ে মুখ খোলেন।

সদ্য জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন,‘মক্কা চুক্তি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আমরা আমাদের দায়িত্ব পালন করব।’ তিনি আরও বলেন, ‘মক্কায় যদি আক্রমণ করা হয়, তবে তা রক্ষার জন্য কোনো চুক্তির প্রয়োজন নেই।’ পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বলছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি প্রয়োগের বিষয়ে যে ‘বিন্দুমাত্র অস্পষ্টতা‘ নেই। তিনি জানান যে, ওই অঞ্চলে হুথি হামলার বিষয়ে পাকিস্তান, ইরানের কাছে সৌদি আরবের বার্তা পৌঁছে দিয়েছে এবং দাবি করেন যে, ইরান আগে থেকেই একটি সংঘাতে জড়িয়ে থাকায় তারা ‘নতুন কোনো ফ্রন্ট’ খুলবে না। পাকিস্তানের একই সরকারের দুই মন্ত্রকের, এক এক দিন, এক এক বার্তা, ঘিরে মক্কা প্যাক্টের প্রেক্ষিতে ইসলামাবাদের অবস্থান নিয়ে বহু জল্পনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *