জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের একটি গ্রামের ওপর দিয়ে একটি পাকিস্তানি ড্রোন ঘুরতে দেখা গিয়েছে। এই ঘটনায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার গভীর রাতে পাকিস্তানের দিক থেকে একটি ড্রোনের মতো বস্তু আসতে দেখা যায়। সেটি রামগড় সেক্টরের নাঙ্গা গ্রামের উপর দিয়ে ঘোরাফেরা করছিল। এরপরই ড্রোন নিয়ে সীমান্ত বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, তৎক্ষণাৎ ওই এলাকায় তল্লাশি চালানোর জন্য নিরাপত্তা বাহিনী ও পুলিশ দল মোতায়েন করা হয়েছিল এবং সীমান্তের ওপার থেকে যাতে মাদক ও অস্ত্রের মতো কোনও সামগ্রী সেই ড্রোনে করে পাচার করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ড্রোন থেকে কিছু ফেলা হয়েছে কি না, তা জানতে তল্লাশি চালানো হচ্ছে। চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের গ্রামগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে সীমান্তের ওপার থেকে অস্ত্র ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পেয়েছে পঞ্জাব পুলিশ। অমৃতসরে ধরা পড়েছে চক্রটি। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং এক নাবালিকাকেও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে অভিযুক্তদের কাছ থেকে দেড় কেজি হেরোইন এবং ১২টি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, ধৃতদের নাম জোবান সিং, করণদীপ সিং ওরফে পণ্ডিত এবং অজয়পাল সিং এবং অমৃতসরের রানিয়া গ্রামের বাসিন্দা জশনপ্রীত সিং। ১৬ বছর বয়সি এক কিশোরকেও আটক করা হয়েছে ঘটনায়। তার নাম অবশ্য পুলিশ অনিবার্য কারণে প্রকাশ করেনি।