Partha Chatterjee Health Update। বাথরুমে পড়ে হাতে চোট

Spread the love

জামিন পেয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে গত ৪ ডিসেম্বর নিজের বাড়ির বাথরুমে পড়ে যান পার্থ। এর জেরে বাঁ হাতে গুরুতর চোট পান প্রাক্তন শিক্ষামন্ত্রী। পরে সেই হাতে ব্যথা বৃদ্ধি পাওয়ায় ৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। আপাত হাসপাতালেই আছেন পার্থ। তবে তাঁর শরীর স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিন বছরেরও বেশি সময় ধরে জেলে থেকেছেন পার্থ। ২০২২ সালের জুলাইয়ে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। পরবর্তীতে তাঁকে সিবিআইও গ্রেফতার করেছিল। তাঁকে এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও যুক্ত করেছিল সিবিআই। এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতিকাণ্ডেও অভিযুক্ত পার্থ। অবশ্য কারাবন্দি থাকাকালীন সময় শেষের দিকে বাইপাসের ধারে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পার্থ। সব মামলাতে জামিন পাওয়ার পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন পার্থ।

গত ১১ নভেম্বর নিজের বেহালার বাড়িতে ফিরেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বাড়ি ফিরে তিনি পরপর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। তবে তারপর তিনি কার্যত নিজেকে বেহালার বাড়িতে ‘গৃহবন্দি’ করে ফেলেন। এমনকী হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। যা নিয়ে আদালতের তোপের মুখেও পড়তে হয় তাঁকে। এদিকে আদালতে হাজিরা না দিলেও বিধানসভার শীতকালীন অধিবেশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন পার্থ। এই নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিজেপি ঘেঁষা একটি আসন পার্থর জন্য বরাদ্দ করা হতে পারে। তবে অধিবেশনের আগে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হতে হল প্রাক্তন মন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *