PM Modi। বিরোধীদের ঝাঁঝালো আক্রমণ প্রধানমন্ত্রী মোদী

Spread the love

PM Modi: ইরান যুদ্ধ চলাকালীন ভয়ংকর ষড়যন্ত্র রচিত হয়েছিল এই দেশে। একের পর এক গুজব ছড়িয়ে ভারতকে অশান্ত করার চেষ্টা হয়। এই সব ষড়যন্ত্র চালানো হয় নরেন্দ্র মোদী সরকারকে বদনাম করার উদ্দেশে। শুক্রবার গুজরাটে এক অনুষ্ঠানে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) । তাঁর অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে।

এদিন বনসকাঁটায় ১৪ হাজার কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির কারণে দেশ কিছু ক্ষেত্রে অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে। তবে কিছু রাজনৈতিক প্রতিপক্ষ এই সংকটকে ব্যবহার করে জনগণকে, বিশেষ করে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘এরা এমন লোক যারা দেশকে বিপদে দেখতে চায়। যখনই দেশ কোনো সংকটের মুখে পড়ে, তারা উল্লাস করে। ইরান যুদ্ধের পর কিছু লোক শুধু মোদীকে বদনাম করার জন্যই গুজব ছড়িয়েছিল যে কৃষকরা সার পাবে না এবং মানুষ এলপিজি পাবে না।’ এরপরই দেশের কৃষক ও মা-বোনেদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি বলেছিলাম মোদি আপনাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে। সেই যুদ্ধ আজও চলছে, কিন্তু মোদী সরকার কোথাও কোনও ঘাটতি হতে দেয়নি।’

বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী জানান, তিনি তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের ও জনগণের সেবা করে যাবেন। তিনি বলেন, ‘দেশের মানুষ বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের দূর্ভাগ্য, যে কিছু মানুষের এটা মোটেই পছন্দ হচ্ছে না। তাঁরা দেশকে সমস্যায় জর্জরিত থাকতে দেখতে চান।’ প্রধানমন্ত্রী জানান, কৃষিকাজ ভারতের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত এবং তিনি গত ১২ বছরে কৃষি, পশুপালন ও দুগ্ধ খাতে বিজ্ঞান ও প্রযুক্তিকে আরও উন্নত করার জন্য সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। পাশাপাশি, বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে সরকার সারের মূল্যবৃদ্ধির প্রভাব থেকে দেশের কৃষকদের রক্ষা করেছে। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে সারের দাম ব্যাপক হারে বেড়েছিল, কিন্তু কৃষকদের কথা মাথায় রেখে আমাদের সরকার এই মূল্যবৃদ্ধির বোঝা কৃষকদের ওপর পড়তে দেয়নি। সরকার এই খাতে ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে।’

Leave a Reply