আজও ঝড়-বৃষ্টি হবে কলকাতায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সবমিলিয়ে আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির আশপাশে। এমনিতে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ২২ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। তবে শুক্রবার সেটা ১৯.৮ ডিগ্রিতে নেমে গিয়েছিল। যা স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি কম ছিল। একইভাবে মে’র পয়লা দিনে মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি কমে গিয়েছিল।
দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে, দাপট বেশি কোন কোন জেলায়?
তারইমধ্যে আজ দক্ষিণবঙ্গের সব জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ঝড়-বৃষ্টি হবে। কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির দাপট বেশি থাকবে। সবমিলিয়ে প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যাবে ঘণ্টায় ৪০-৫০ কিমিতে। আবার কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠবে ওই জেলাগুলিতে।

ভারী বৃষ্টি হবে কোন ৫ জেলায়? জারি কমলা সতর্কতা
উত্তরবঙ্গে আজ বৃষ্টির দাপট আরও বেশি থাকবে। দর্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে ওই পাঁচটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সবমিলিয়ে উত্তরবঙ্গের ওই পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।অন্যান্য জেলায় কী অবস্থা হবে?
বাকি তিনটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে ওই তিনটি জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড় উঠবে।