আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি হয়ে গেল আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে। ২০২৬ সালের আইপিএলের পরে দলের দায়িত্ব কাঁধে নেবে এই কনসোর্টিয়াম। এতদিন বেঙ্গালুরুর মালিক ছিল ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। তাদের অধীনে থাকা ভারতীয় সংস্থা ইউনাইটেড স্পিরিট দলটির পরিচালনা করত। রিপোর্ট অনুযায়ী, ১৭৮ কোটি ডলার বা প্রায় ১৬ হাজার ৭০৬ কোটি টাকায় বিক্রি হয়েছে আরসিবির ১০০ শতাংশ মালিকানা।
জানা গিয়েছে, আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে রয়েছে মার্কিন বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠী। এই আবহে ২০২৬ সালের আইপিএল শেষ হলে আরসিবির নতুন চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা। ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর সত্যন গজওয়ানি। এর মধ্যে আর্যমান বিড়লা হলেন প্রাক্তন ক্রিকেটার। এমনকী ২০১৮ সালের আইপিএল মেগা নিলামে তাঁকে ৩০ লাখ টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে তিনি আইপিএলে একটি ম্যাচও খেলেননি। ২৮ বছর বয়সি এই প্রাক্তন ক্রিকেটার মধ্যপ্রদেশের হয়ে ৯টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৪টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। রঞ্জি ট্রফির একটি ম্যাচে ইডেন গার্ডেন্সে তিনি বাংলার বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। আরসিবির বর্তমান অধিনায়ক রজত পাটিদারের সঙ্গে রঞ্জি ট্রফি খেলেছেন আর্যমান। তবে মানসিক চাপের জেরে ক্রিকেট থেকে অল্প বয়সেই সরে দাঁড়িয়েছিলেন আর্যমান। এহেন আর্যমান এবার আরসিবির চেয়ারম্যান হতে চলেছেন।
জানা গিয়েছে, প্রথমদিকে রাজস্থান রয়্যালস কেনার বিষয়ে আগ্রহী ছিল আদিত্য বিড়লা গোষ্ঠী। যদিও সেই দল বিক্রি হয়েছে অন্য এক কনসোর্টিয়ামের কাছে। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের ১০০ শতাংশ মালিকানা কিনে নেয় প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি ৩৯ লাখ টাকায়। রাজস্থানের দল কেনা সম্ভব হবে না বুঝেই সর্বশক্তি দিয়ে তারা আরসিবি কিনতে ঝাঁপায়। এর আগে আরসিবি কেনার দৌড়ে ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম মালিক গ্লেজার্স এবং কোভিডের টিকা তৈরি করা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও এবং পুনাওয়ালা ফিনকর্পের চেয়ারম্যান আদার পুনাওয়ালা। পরে যদিও তারা সরে যায় দৌড় থেকে। তবে দৌড়ে তখনও ছিল সুইডেনের সংস্থা ইকিউটি, কোহলবার্গ ক্রেভিস রবার্টস (কেকেআর), সিঙ্গাপুরের সংস্থা টেমাসেক এবং মণিপাল হাসপাতাল গোষ্ঠীর কনসোর্টয়াম। তবে শেষ হাসি হাসল আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম।
