India Buying Iranian LPG। চিনের পথে পাড়ি দেওয়া ইরানি ট্যাঙ্কার আসছে ভারতে

Spread the love

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ২০১৯ সাল থেকে বন্ধ ভারত-ইরান জ্বালানি বাণিজ্য। তবে সম্প্রতি ফের ইরানের তেলের ওপর থেকে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আমেরিকা। এই আবহে ভারত-ইরান জ্বালানি বাণিজ্য আবার শুরু হচ্ছে। বিশ্ব বাজারে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩০ দিনের জন্য ইরানের তেল রফতানির ওপর ছাড় দিয়েছে। এই মার্কিন ছাড় দেওয়ার পরে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ইরানি ট্যাঙ্কার ভারতের পশ্চিম উপকূলে পৌঁছাতে চলেছে।

শিপিং ডেটা (এলএসইজি) সূত্রে জানা গেছে, ‘অরোরা’ নামের নিষিদ্ধ জাহাজটি ইরানি এলপিজি বহন করছে। এই জাহাজটি আজ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মজার ব্যাপার হল, এই কার্গোটি প্রাথমিক ভাবে চিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইরান থেকে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এটি ভারতে আসছে। রয়টার্স সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর মাধ্যমে এই চালান কেনা হয়েছে এবং এই গ্যাস ডলারের বদলে ভারতীয় টাকার বিনিময়ে কেনা হবে। দেশের তিনটি প্রধান রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল (আইওসি), ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (এইচপিসিএল)-এর মধ্যে এই গ্যাস বিতরণ করা হবে। এদিকে রিপোর্টে এই দাবি করা হলেও আপাতত সতর্ক থাকছে সরকার। এই আবহে নৌপরিবহণ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা বলেন, ‘ইরান থেকে কোনও মালবাহী কার্গো সম্পর্কে আমরা কোনো তথ্য পাইনি।’

এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র সেই সব দেশের জাহাজ বা ট্যাঙ্কারকেই যেতে দেওয়া হচ্ছে, যে দেশগুলিকে ইরান নিজেদের বন্ধু বলে মনে করছে। তিনি ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫টি দেশের নাম নেন, যাদের জাহাজকে ইরান হরমুজ প্রণালী দিয়ে পাড়ি দিতে দিচ্ছে। সেই পাঁচটি দেশ হল – ভারত, রাশিয়া, চিন, ইরাক এবং পাকিস্তান। যদিও সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, একটি পাকিস্তানি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে বাধা দিয়েছিল ইরান।

উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস সরবরাহ কার্যত থমকে আছে ইরান যুদ্ধের আবহে। এখনও পর্যন্ত ২০টিরও বেশি জাহাজে হামলা হয়েছে এই অঞ্চলে। তবে ভারতের বেশ কয়েকটি ট্যাঙ্কার নিরাপদে পাড়ি দিয়েছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগরে আটকে পড়া ভারতীয় জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিয়ে আসতে ইরানের সঙ্গে কথা হয়েছিল ভারতের। তবে হরমুজ প্রণালীতে এখনও আটকে বিভিন্ন দেশের শ’য়ে শ’য়ে ট্যাঙ্কার এবং জাহাজ। তবে ভারতের ট্যাঙ্কারগুলিকে হরমুজ প্রণালী পার করতে দিচ্ছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *