মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর-এর কাজ। আর এই দিন থেকেই পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এর প্রতিবাদে দীর্ঘ মিছিল করবে তৃণমূল। অন্যদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। এসআইআর ও অভিবাসন ও বিদেশি নাগরিক আইনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দেশের শীর্ষ আদালতে। অন্যদিকে তাঁরা আমরণ অনশনের পথও বেছে নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
২৮ অক্টোবর এসআইআর ঘোষণা করা হয়েছে। তার পর থেকেই তোলপাড় বঙ্গরাজনীতি। একদিকে রাজনৈতিক তরজা যেমন তুঙ্গে, অন্যদিকে তেমনই সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে আতঙ্ক ও ভয়। এই পরিস্থিতি নভেম্বরের গোড়াতেই সারা রাজ্যে আন্দোলন-মিছিলের আবহ তৈরি হয়েছে। মমতা-অভিষেকের মিছিল থেকে মমতাবালা ঠাকুরের দাবি, আগামী সপ্তাহে কী কী হতে চলেছে? দেখে নিন ৬টি পয়েন্টে।
১. মঙ্গলবার দুপুর দেড়টায় রেড রোডে বিআর অম্বেডকরের মূর্তির সামনে তৃণমূল নেতাকর্মীদের জমায়েত করতে হবে। এসআইআর বিরোধী মিছিল সেখান থেকেই শুরু হবে দুপুর আড়াইটে বাজলে। আম্বেদকর মূর্তির সামনে থেকে শুরু হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত যাবে মিছিল।
২. একদিকে সংবিধান প্রণেতা আম্বেদকর, অন্যদিকে দুই বাংলার সাংস্কৃতিক মৈত্রীর প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর। মিছিলের দুই প্রান্তে দুই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে রাখতে চাইছে তৃণমূল নেতৃবর্গ।
৩. ২ নভেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের পরিকল্পনা ছিল কেন্দ্রীয় সমাবেশ করার। কিন্তু শহীদ মিনারে অন্য কর্মসূচী থাকার কারণে তা হয়নি। প্রসঙ্গত, মঙ্গলবারই শুভেন্দু উত্তর ২৪ পরগনায় মিছিল করবেন এসআইআরের সপক্ষে।

৪. ইতিমধ্যেই এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে প্রায় ১৫ হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তৃণমূলের হেল্পডেস্ক খোলা হবে এলাকায় এলাকায়।
৫. গত এপ্রিলে রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর প্রকাশ করা হয়েছে ‘অভিবাসন ও বিদেশি নাগরিক’ আইনের বিজ্ঞপ্তি। এই আইন মোতাবেক বিদেশি ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত হলে তাঁর এ দেশে প্রবেশ নিষিদ্ধ। শনিবার এই নয়া আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করলেন মমতাবালা ঠাকুর।
৬. মমতাবালা ঠাকুর শনিবার সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ২০০২ সালের ভোটার তালিকায় অধিকাংশ মতুয়ার নাম নেই। তারা কীভাবে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবেন? এই প্রক্রিয়া না মানার দাবি তুলেছেন মমতাবালা। তাই আমরণ অনশন করবেন বলে জানিয়েছেন তিনি।