মাদ্রাজ হাইকোর্টে সিজেপি নেতা সৌরভ দাসকে ঘিরে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা (PIL )। তার প্রেক্ষিতে সৌরভ দাস সহ কেন্দ্রীয় সরকার ও একাধিক সরকারি এজেন্সিকে নোটিস পাঠিয়েছে কোর্ট। এই মামলায় আর্জি জানানো হয়েছে সৌরভের পারিবারিক পটভূমি ঘিরে যেন তদন্ত করা হয়। উল্লেখ্য, এক্ষেত্রে নজরে রয়েছে সৌরভ দাসের পরিচিতির প্রসঙ্গটি। দেশের বিচারব্যবস্থা এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে তাঁর পরিচয় ও পারিবারিক পটভূমি তদন্ত, পাসপোর্ট ও আধার কার্ড বাতিল এবং সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানানো হয়েছে ওই মামলায়।
মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী ও জি অরুণ মুরুগানের বেঞ্চে এই জনস্বার্থ মামলা ওঠে। মামলা ফাইল করেছেন চেন্নাইয়ের বাসিন্দা আর গণেশ কুমার। তাঁর অভিযোগ, ভারতের বিচার ব্যবস্থা, বিচারপতি, দেশের চিফ জাস্টিসকে নিয়ে বারবার অবমাননাকর মন্তব্য করেছেন সিজেপি নেতা তথা নিজেকে সাংবাদিক পরিচিতি দেওয়া সৌরভ দাস। এদিকে, অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেনি কোর্ট। শুক্রবার নোটিস জারি করে ছয় সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তার পরই পরবর্তী শুনানি হবে।
মামলার আবেদনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য কর্তৃপক্ষকে দাস ও তাঁর পরিবারের সদস্যদের অতীত কর্মকাণ্ডের বিষয়ে একটি বিস্তারিত, পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে। আবেদনকারী বিশেষভাবে সৌরভ দাসের মা এবং তার জন্মদাতা বাবার পটভূমি সম্পর্কে তদন্তের দাবি করেছেন, যাঁরা আবেদন অনুযায়ী পুদুচেরিতে বসবাস করেন। এছাড়াও, আবেদনে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রককে সৌরভ দাসের এক্স (পূর্বতন টুইটার) এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ব্লক করতে এবং বিচার বিভাগের প্রতি কথিত অবমাননাকর আরও মন্তব্য করা থেকে তাঁকে বিরত রাখার জন্য নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
