ইউটিউবে প্রতিদিন পারিবারিক জীবন ও ভ্রমণ নিয়ে ছবি বা ভিডিও আপলোড করে কোটি কোটি ভিউ পান দেশের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সৌরভ জোশী। কিন্তু ভিউ ও ‘কনটেন্ট’-এর লোভে কতটা নিচে নামা যায়, তা নিয়ে এবার চরম বিতর্কের মুখে পড়লেন তিনি। পরিবারের সাথে একটি গেম খেলার সময় নিজের সদ্যবিবাহিত স্ত্রী অবন্তিকা ভাটকে এক মারাত্মক ও কুরুচিকর চ্যালেঞ্জ দিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন এই ইউটিউবার।
কুকুরের পাত্র থেকে জল খাওয়ার চ্যালেঞ্জ:
সম্প্রতি প্রকাশিত একটি ডেইলি ব্লগে দেখা যায়, গেম চলাকালীন সৌরভ নিজের স্ত্রী অবন্তিকাকে তাঁদের পোষা কুকুর ‘ওরিও’র জল খাওয়ার বাটি থেকে জল খাওয়ার নির্দেশ দেন। প্রথমে অবন্তিকা স্পষ্ট অসম্মতি ও দ্বিধা প্রকাশ করলেও সৌরভ জেদ ধরে বসে থাকেন। তিনি পাত্রটিতে পরিষ্কার জল ঢেলেছেন জানিয়ে অবন্তিকাকে অন্তত এক চুমুক খেতে বলেন এবং নিজেই কুকুরের পাত্রটি তুলে স্ত্রীর মুখের সামনে এনে ধরেন। শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও ওই আপত্তিকর ডিয়ারটি পূরণ করেন অবন্তিকা।
সোশ্যাল মিডিয়ায় ধিক্কার ও কড়া প্রতিক্রিয়া:
ঘটনাটির ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট (Reddit)-এ ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। নেটিজেনদের একাংশ এটিকে স্ত্রী-র চরম অপমান ও অসংবেদনশীল মনোভাব বলে তোপ দেগেছেন। এক নেটিজেন লেখেন— ‘এটি অত্যন্ত লজ্জাজনক ও ঘৃণ্য! শুধু ভিউ পাওয়ার জন্য একজন মানুষ তাঁর স্ত্রীর প্রতি কতটা নিচে নামতে পারেন!’
অন্য এক ব্যবহারকারী কমেন্ট করেন— ‘স্ক্রিপ্টেড হোক বা না হোক, এই ধরনের কুরুচিকর আচরণকে বিনোদন হিসেবে দেখানো এবং স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহারকে স্বাভাবিক করে তোলা একদমই মেনে নেওয়া যায় না।’

প্রখ্যাত ইউপিএসসি (UPSC) শিক্ষাবিদ ও রিসলভ আইএএস (Resolve IAS)-এর প্রতিষ্ঠাতা অমিত কিলহোর ভিডিওটি দেখে সৌরভ জোশীকে সরাসরি একজন ‘নারীবিদ্বেষী’ (Misogynist) বলে কটাক্ষ করেন।
বারবার স্ত্রীকে নিয়ে বিতর্কে সৌরভ:
২০২৫ সালের নভেম্বরে হৃষীকেশে ঘরোয়াভাবে অবন্তিকা ভাটের সাথে সাতপাকে বাঁধা পড়েছিলেন সৌরভ জোশী। তবে বিয়ের পর থেকেই স্ত্রীকে গুরুত্ব না দিয়ে ভিডিও বানানোর অভিযোগে বারবার ট্রোল হয়েছেন তিনি। বিয়ের অনুষ্ঠানে কথা বলতে চাওয়া স্ত্রীকে অবহেলা করে ক্যামেরা চালানো, কিংবা চলতি বছরের ফেব্রুয়ারিতে গাড়ির ভেতর ঝগড়ার পর স্ত্রীকে একা ফেলে ব্লগের জন্য শুটিং চালিয়ে যাওয়ার মতো একাধিক ঘটনায় সৌরভের বিরুদ্ধে অসংবেদনশীলতার অভিযোগ উঠেছিল। এবার পোষা কুকুরের বাটি থেকে জল খাওয়ানোর এই নতুন বিতর্কে নেটপাড়ায় চরম রোষের মুখে ভারতের এই তারকা ইউটিউবার!