স্টার জলসার (Star Jalsha) পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’। এতদিন ধরে অধীর আগ্রহে সুস্মিতা দে-র কামব্য়াক মেগার স্লটের অপেক্ষায় ছিল ভক্তরা। ইতিমধ্যেই ধারাবাহিকটির প্রোমো দর্শকদের মন কেড়েছে। তবে মেগার সম্প্রচারের সময় সামনে আসতেই নেটপাড়ার বিক্ষোভ চরমে। আগামী ২৭ জুলাই থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সম্প্রচারিত হবে ‘তিলোত্তমা’।
নতুন এই ধারাবাহিকের স্লট ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। কারণ, বর্তমানে এই সাড়ে ৬টার স্লটটি রয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-র দখলে। স্বভাবতই নতুন ধারাবাহিকের আগমনে কপাল পুড়ল সৌরভ-শুভস্মিতা জুটির মেগার।
বন্ধের মুখে ‘লক্ষ্মী ঝাঁপি’? আশঙ্কায় ভক্তরা
সরাসরি সাড়ে ছ’টার স্লট কেড়ে নেওয়ায় ‘লক্ষ্মী ঝাঁপি’-র ভক্তদের মনে তীব্র হতাশা তৈরি হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন— তবে কি পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাচ্ছে সৌরভ ও শুভস্মিতার এই মেগা? নাকি অন্য কোনো স্লটে পাঠিয়ে দেওয়া হবে এটিকে? চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ওইদিন থেকে বিকাল ৫টায় দেখা যাবে লক্ষ্মী ঝাঁপি। যার জেরে হতাশ ভক্তরা। বর্তমানে ৫টার স্লটে কোনও চলতি মেগা সম্প্রচারিত হয় না জলসায়। অন্য়দিকে জি বাংলায় বিকাল ৪.৩০টে থেকেই (সাত পাকে বাঁধা) শুরু হয়ে যায় দৈনিক মেগা সিরিয়ালের লাইন। লক্ষ্মী ঝাঁপির নতুন প্রতিপক্ষ হতে চলেছে দুলারি।
পক্ষপাতিত্বের অভিযোগ! ক্ষুব্ধ অনুরাগীদের নিশানা ‘ঘূর্ণি’
নতুন ধারাবাহিকের স্লট বন্টন নিয়ে জলসা কর্তৃপক্ষের ওপর বেশ চটেছেন দর্শকদের একাংশ। তাঁদের অভিযোগ, বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘ঘূর্ণি’ খুবই বোরিং, শুরু থেকেই ভালো টিআরপি দেয়নি এই মেগা। তা সত্ত্বেও ‘ঘূর্ণি’-কে আরও সুযোগ দেওয়া হচ্ছে চ্যানেলের তরফে।
অনুরাগীদের ক্ষুব্ধ প্রশ্ন— কীসের ভিত্তিতে ‘লক্ষ্মী ঝাঁপি’-র স্লট কেড়ে নেওয়া হলো? কিসের ভিত্তিতে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত নিল চ্যানেল? এই নিয়ে নেটপাড়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন ধারাবাহিকের নিয়মিত দর্শকরা। বাবলি সুন্দরীর সঙ্গেও অবিচার হয়েছে চর্চা নেটপাড়ায়।

চিকিৎসকের লড়াকু গল্প নিয়ে আসছে ‘তিলোত্তমা’
স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশনের আওতায় তৈরি হচ্ছে তিলোত্তমা। এক নারী চিকিৎসকের জীবন সংগ্রাম ও রহস্যময় প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে এই মেগা। সিরিয়ালে ডবল রোলে দেখা যাবে সুস্মিতা দে-কে। বিপরীতে নবাগত সৌম্যদীপ দত্ত। চিকিৎসা ক্ষেত্রে দুর্নীতির পর্দা ফাঁস করতে গিয়ে বিয়ের রাতেই খুন হবে চিকিৎসক তরুণী। তাঁর হত্যার বদলা নেওয়ার গল্প নিয়েই এগোবে এই মেগা, তেমনই আভাস মিলেছে প্রোমোয়।