UPI লেনদেনে বাড়তি চার্জ! কী বললেন আরবিআই গভর্নর?

Spread the love

ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন বর্তমানে ভারতে বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন প্রায় ৬৪০ মিলিয়ন লেনদেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউপিআই এখন শুধু ভারতে নয়, বিশ্বের ক্ষেত্রেও ডিজিটাল লেনদেন ব্যবস্থার শীর্ষে রয়েছে। এমন এক গুরুত্বপূর্ণ সময়ে ইউপিআই লেনদেনে চার্জ আরোপ নিয়ে বড় বার্তা দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা।

বুধবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর সঞ্জয় মালহোত্রা স্পষ্ট জানিয়েছেন, ইউপিআই লেনদেনে চার্জ আরোপের কোনও প্রস্তাব বর্তমানে আরবিআইয়ের কাছে নেই।ফলে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সম্প্রতি বিভিন্ন মহলে ইউপিআই বিনামূল্যে থাকবে কিনা, এনিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শুধু তাই নয়, ইউপিআই-কে সম্পূর্ণ বিনামূল্যে রাখার মডেল নিয়ে আরবিআই পূর্বে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে। মূলত টেকসই অর্থনৈতিক কাঠামো বজায় রাখার জন্য ডিজিটাল লেনদেনের এতো বড় অবকাঠামো দীর্ঘমেয়াদে কীভাবে চালানো সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন গভর্নর নিজেই। গত জুলাই মাসে মুম্বইয়ে ফিনান্সিয়াল এক্সপ্রেস বিএফএসআই সামিটে সঞ্জয় মালহোত্রা বলেন, ‘ইউপিআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। সরকার এবিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এটি জনগণের জন্য বিনামূল্যে থাকবে এবং সরকারই এটির ভর্তুকি দিচ্ছে। এ পর্যন্ত এর ভালো ফলও পাওয়া গেছে।’ সেই প্রেক্ষিতেই এদিন আরবিআই গভর্নরের এই বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে ইউপিআই শুধু একটি লেনদেনের মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে দেশের ডিজিটাল অর্থনীতির মেরুদণ্ড। ইউপিআই লেনদেন বিনামূল্যে হওয়ায় সাধারণ মানুষ থেকে ছোট ব্যবসায়ী- এই পরিষেবার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। গ্রামীণ ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই স্মার্টফোন ও ইন্টারনেটের প্রসারের সঙ্গে সঙ্গে ইউপিআই আজ কোটি কোটি ভারতীয়র কাছে সবচেয়ে সহজ ও নিরাপদ লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে। প্রতিদিনের ছোট থেকে বড় কেনাকাটা-সবেতেই ক্রমবর্ধমান হারে ইউপিআই ব্যবহৃত হচ্ছে।তবে সাম্প্রতিক কালে বাজারে গুজব ছড়ায় যে সরকার ও আরবিআই ভবিষ্যতে ইউপিআই লেনদেনে নির্দিষ্ট পরিমাণ চার্জ বসাতে পারে। ফলে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছিল। অনেকেই ভাবছিলেন, যাঁরা প্রতিদিন ছোট অঙ্কের লেনদেন করেন, তাঁদের ক্ষেত্রে এই চার্জ হয়তো একটি বোঝা হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিলেন আরবিআই গভর্নর। তাঁর বক্তব্যে বোঝা গেল, নিকট ভবিষ্যতে এই জনপ্রিয় সেবাকে ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাখা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *