Uttarpara EV Manufacturing Unit। উত্তরপাড়ায় ইলেকট্রিক গাড়ির কারখানা হবে?

Spread the love

Uttarpara EV Manufacturing Unit: হুগলিতে বৈদ্যুতিক গাড়ির কারখানার জন্য জমি চেয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হল হিন্দুস্তান মোটরস। রিপোর্ট অনুযায়ী, হুগলির উত্তরপাড়ায় যৌথভাবে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য একটি আমেরিকা এবং একটি ইউরোপের সংস্থার তরফে ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের থেকে জমি পাওয়া গেলে যে কোনও একটি গাড়ি নির্মাতা সংস্থার সঙ্গে জোট বেঁধে উত্তরপাড়ায় কারখানা তৈরি করা হবে। আর সেক্ষেত্রে উত্তরপাড়া নয়া উচ্চতায় পৌঁছে যাবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্তান মোটরস, অ্যাম্বাসাডর ও জমি সমস্যা

এমনিতে একটা সময় উত্তরপাড়ায় জমির অভাব ছিল না হিন্দুস্তান মোটরসের। সেখানে তৈরি হত ‘গর্বের প্রতীক’ অ্যাম্বাসাডর। কিন্তু ২০১৪ সাল থেকে বন্ধ হয়ে যায় উৎপাদন। তারইমধ্যে দুটি সংস্থাকে প্রায় ৪১০ একর জমি বিক্রি করে দেওয়া হয়েছিল হিন্দুস্তান মোটরসের তরফে।

 

আবার ২০২২ সালে একটি ইউরোপিয়ান সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে উত্তরপাড়াতেই একটি বৈদ্যুতিক গাড়ি কারখানা তৈরির চেষ্টা করেছিল হিন্দুস্তান মোটরস। স্বাক্ষর করে ফেলেছিল মউও। কিন্তু রাজ্য সরকার জমি নিয়ে নেওয়ায় সেই মউ বাতিল হয়ে গিয়েছিল। ফলে স্বপ্ন অধরা থেকেই গিয়েছিল।

‘সরকার জমি দিলেই তৈরি করা হবে বিস্তারিত প্রস্তাব’

তবে রাজ্যে পরিবর্তনের পরে উত্তরপাড়ায় বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য সরকারের কাছে জমি চেয়েছে হিন্দুস্তান মোটরস কর্তৃপক্ষ। সিকেএ বিড়লা গ্রুপের সংস্থার সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তরপাড়ায় বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য দুটি সংস্থার তরফে ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। একটি প্রস্তাব এসেছে ইউরোপের সংস্থার তরফে। অপর প্রস্তাব এসেছে মার্কিন সংস্থার থেকে। যদি রাজ্য সরকার জমি দেয়, তাহলে একটি বিস্তারিত প্রস্তাব তৈরি করা হবে। ওই দুটি সংস্থার মধ্যে যে কোনও একটির সঙ্গে জোট বাঁধা হবে বলে সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

 

রাজ্য সরকারের তরফে কী বলা হল?

সেই পরিস্থিতিতে রাজ্য সরকারও এগিয়ে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন যে উত্তরপাড়ায় বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রস্তাব নিয়ে ইতিমধ্যে হিন্দুস্তান মোটরসের আধিকারিকরা তাঁর সঙ্গে দেখা করেছেন কয়েকবার। যুদ্ধকালীন তৎপরতায় সেই প্রস্তাব নিয়ে কাজ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *