WB Weather Forecast and Cyclone Chance। ২ দিনে তাপমাত্রা কমল ১ ডিগ্রির মতো

Spread the love

WB Weather Forecast and Cyclone Chance: বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হল মাসের শেষে। রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কাও। তারইমধ্যে বৃষ্টি থামতেই রাতে একটা হালকা শিরশিরানি ভাব অনুভব করতে শুরু করেছে পশ্চিমবঙ্গ। কলকাতায় যেমন পরপর দু’দিন রাতের তাপমাত্রা কিছুটা কমেছে। দু’দিনে পারদ পতন হয়েছে এক ডিগ্রির মতো। তবে সেই পারদ পতনের ধারা কতদিন স্থায়ী হবে, তা স্পষ্ট নয়। কারণ মাসের শেষের নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোসাগর। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢুকে যাবে। বেড়ে যাবে রাতের তাপমাত্রা।

বৃষ্টি থামতেই কমেছে রাতের তাপমাত্রা

আসলে অষ্টমী থেকে পশ্চিমবঙ্গে ‘শুষ্ক’ স্পেল শুরু হতে শুকনো বাতাস ঢুকতে শুরু করেছে পরিমণ্ডলে। তার জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তের রাতের তাপমাত্রা কমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত রবিবার রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। সেটা মঙ্গলবার রাতে কমে দাঁড়ায় ২৩.৩ ডিগ্রিতে।

 

রাতের শিরশিরানি কতদিন? নির্ভর করছে নিম্নচাপের উপরে

তবে এটা শীতের সূচনা নয়। আবহবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে শীত আসতে এখন অনেক দেরি আছে। এটা নেহাতই শিরশিরানি শুধু। তাও সেটা কতদিন স্থায়ী হবে, তা নির্ভর করছে বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলা নিম্নচাপের উপরে। নিম্নচাপ তৈরি হলে পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে জলীয় বাষ্প ঢুকে ফের রাতের তাপমাত্রা বাড়িয়ে দেবে। উধাও হয়ে যাবে রাতের শিরশিরানি ভাব।

ঘূর্ণিঝড় কি আসছে বাংলার দিকে?

এমনিতে আবহবিদরা জানিয়েছেন, থাইল্যান্ড উপসাগরে যে ঘূর্ণাবর্ত আছে, তা আজ আন্দামান সাগরে পৌঁছে যেতে পারে। সেটার প্রভাবে শুক্রবার (২৩ অক্টোবর) তৈরি হতে পারে একটি নিম্নচাপ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর লাগোয়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্মের পরে সেই সিস্টেম এগিয়ে যাবে উত্তর-পশ্চিম দিকে। সেইসময় আরও শক্তি বাড়বে। তবে শেষপর্যন্ত ভারতের পূর্ব উপকূলের ঠিক কোন অঞ্চলের উপরে সবথেকে বেশি প্রভাব ফেলবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টি হবে, তা এখনও হলফ করে বলছেন না আবহবিদরা।

ঠিক যেমনভাবে এখনই হলফ করে বলা যাচ্ছে না যে ওই সম্ভাব্য নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা। একাধিক মডেলে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই সম্ভাব্য নিম্নচাপ থেকে বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। কিছুটা সময় পেলে সেই বিষয়ে আরও কিছুটা স্বচ্ছ ধারণা মিলবে বলে জানিয়েছেন আবহবিদরা। এমনিতে তাঁরা জানিয়েছেন, আগামী ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *